৫ বছর পর রঞ্জি ট্রফিতে এই কীর্তি বাংলার, পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে পরের ম্যাচ ইডেনে
সন্দীপ সরকার, কলকাতা: দেশের সেরা টুর্নামেন্ট বলা হয় রঞ্জি ট্রফিকে (Ranji Trophy)। আর সেই টুর্নামেন্টে বাংলা অভিযান শুরু করল জয়ের হ্যাটট্রিক দিয়ে!
পাঁচ বছর পর ঘরোয়া ক্রিকেটে এই কীর্তি গড়ল বাংলা ক্রিকেট দল। এর আগে ২০২১-২২ মরশুমে রঞ্জি ট্রফির প্রথম তিন ম্যাচই জিতেছিল বাংলা। পরপর হারিয়েছিল বঢোদরা, হায়দরাবাদ ও চণ্ডীগড়কে। এবারও বাংলার অভিযান শুরু হল প্রথম তিন ম্যাচের তিনটিই জিতে। ২০২১-২২ মরশুমে সেমিফাইনালে উঠে মধ্য প্রদেশের কাছে হেরে গিয়েছিল বাংলা। এবার কী হবে?
রঞ্জি ট্রফির এলিট গ্রুপ সি-তে ৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলা। ৮ দলের গ্রুপে ৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ঠিক পিছনেই, দুইয়ে রয়েছে মহারাষ্ট্র। যাদের সঙ্গে পরের ম্যাচ বাংলার। পরপর দুটি অ্যাওয়ে ম্যাচ খেলার পর সোমবার থেকে ঘরের মাঠে লড়াইয়ে নামবে বাংলা।
তবে দিল্লির বিরুদ্ধে প্রথম ম্যাচটি বাংলা খেলেছিল কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমিতে। মহালয়ার অনুষ্ঠান ছিল বলে ইডেন গার্ডেন্স পাওয়া যায়নি। পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে বাংলার ম্যাচ ইডেনে হবে কি না, তা নিয়ে জল্পনা ছিল। সিএবি থেকে বলা হচ্ছিল, মহলয়ার বিরাট অনুষ্ঠানের পর মাঠকে খেলার অবস্থায় ফিরিয়ে আনতে আরও সময় লাগতে পারে। যদিও শেষ পর্যন্ত মাঠ পুনরায় প্রস্তুত করে ফেলা গিয়েছে। ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় এবিপি লাইভ বাংলাকে বললেন, ‘বৃষ্টির জন্য একটু সমস্যা হয়েছে। তবে মাঠ প্রস্তুত করে ফেলেছি। পিচ তো ঠিক ছিলই, আউটফিল্ডও আগের অবস্থায় ফিরিয়ে আনা গিয়েছে।’
মুম্বই ছেড়ে পৃথ্বী এখন ঘরোয়া ক্রিকেটে খেলেন মহারাষ্ট্রের হয়ে। তিনিই মহারাষ্ট্রের অধিনায়ক। সোমবার থেকে ইডেনে বাংলার পরীক্ষা নেবে মহারাষ্ট্র। যে ম্যাচের জন্য বাংলা দলে পরিবর্তন হচ্ছে না বলেই খবর। সার্ভিসেস ও কেরল ম্যাচের জন্য যে দল নির্বাচিত হয়েছিল, সেই দলই থাকছে। তবে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় পরের সপ্তাহে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাংলা বনাম মহারাষ্ট্র ম্যাচেও বিঘ্ন ঘটতে পারে।
কেরলকে ২৮৭ রানের বিশাল ব্যবধানে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল তিরুঅনন্তপুরম থেকে মোবাইল ফোনে এবিপি লাইভ বাংলাকে বলছিলেন, ‘রঞ্জি ট্রফি লম্বা টুর্নামেন্ট। ফলে এখনই বেশি দূরে ভাবছি না। দল ছন্দে রয়েছে। শাহবাজ আমেদ, প্রদীপ্ত প্রামাণিকরা কেরলের বিরুদ্ধে দারুণ খেলেছে। মহারাষ্ট্র ম্যাচেও এই ছন্দ ধরে রাখতে চাই।’
আরও পড়ুুন: প্রথমবার এক ম্যাচে ১০ উইকেট, বারাণসী গিয়ে বদলে যায় প্রদীপ্তর জীবন, জয়ের হ্যাটট্রিক বাংলার
Post Comment