কিউয়িদের বিরুদ্ধে ভারতের নাগাড়ে দ্বিতীয় টানটান জয়, ম্যাচ শেষে কোচ গম্ভীরের প্রতিক্রিয়া কী?
ক্রাইস্টচার্চ: রেকর্ড ২২৬ রান তাড়া করে দুরন্ত জয়ের ঠিক দিন দু’য়েক পরেই ফের একবার একই মাঠে আরও একবার রুদ্ধশ্বাস ভঙ্গিমায় রান তাড়া নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে জয় পেল ভারত (IND vs NZ)। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ়ে ২-০ এগিয়ে গেল বিশ্বচ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। এই দুরন্ত জয়ের পর কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কী প্রতিক্রিয়া?
স্বাভাবিক কোচ নাগাড়ে দলের এমনভাবে দুই টানটান ম্যাচ বের করা দেখে উত্তেজনা, উচ্ছ্বাসে ভাসত। তবে গম্ভীর সচরাচর নিজের আবেগের খুব বেশি বহিঃপ্রকাশ ঘটান না। খানিকটা শান্তই থাকেন। সপ্তাহান্তে ভারতের দুরন্ত জয়ের পরেও, তিনি প্রতিক্রিয়া দিলেন বটে, তবে তা অত্যন্ত সংক্ষিপ্ত, ইঙ্গিতবাহী এবং মার্জিত। ভারতের জয়ের পর গম্ভীর নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ছেলেরা পুরুষ হয়ে উঠছে’। এই পোস্টের সঙ্গে ছিল নীতীশ কুমার রেড্ডি এবং তিলক বর্মার ছবি।
“Boys becoming Men” https://t.co/aERUY0BqPo
— Gautam Gambhir (@GautamGambhir) October 24, 2026
দুই হায়দরাবাদি তিলক বর্মা ও নীতীশ কুমার রেড্ডি ভারতের হয়ে সপ্তম উইকেটে আন্তর্জাতিক টি-২০-তে রেকর্ড ৬৯ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে ম্যাচ জিততে সাহায্য করেন। ১৮১ রান তাড়া করতে নেমে ৭০ রানে আধা দল ও ১১২ রানে ছয় উইকেট হারিয়ে এক সময় কার্যত ধুঁকছিল টিম ইন্ডিয়া। এমনকী শেষ তিন ওভারেও প্রয়োজন ছিল ৪৬ রান। সেখান থেকেই ঝড় তোলেন তিলক বর্মা। তাঁকে যোগ্য সঙ্গ দেন নীতীশ। ২৫ বলে অর্ধশতরান করে তিলক শেষমেশ ৫১ রানে অপরাজিত থাকেন। অপরদিকে, ১৩ বলে ২৬ রান করেন নীতীশ।
তরুণ দুই ক্রিকেটার যেভাবে দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করে এদিন অপরাজিত থেকে মাঠ ছাড়েন, সেটাই সম্ভবত নিজের তিনটি শব্দের মাধ্যমে বুঝিয়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। তিনি বোঝাতে চেয়েছেন যে সময়ের সঙ্গে সঙ্গে তরুণ তিলক এবং নীতীশ কুমার রেড্ডি পরিপক্ক হয়ে উঠছেন। দায়িত্ব নিচ্ছেন। এটা কিন্তু নিঃসন্দেহেই ভারতীয় দলের জন্য অত্যন্ত সুখবর।
এরপরে মঙ্গলবার, ২৭ অক্টোবর সিরিজ় জয়ের লক্ষ্যে ওয়েলিংটনে তৃতীয় টি-২০ ম্যাচে নিউজ়িল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন ভারতীয় দল। সেই লক্ষ্যে টিম ইন্ডিয়া সফল হয় কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে।
Post Comment