Fire Incident: মধ্যরাতে দাউদাউ লেলিহান শিখা! দুর্গাপুরে তেল সংস্থার ওয়্যারহাউসে ভয়াবহ আগুন, পুড়ে ছাই বিপুল পলিমার
Last Updated:
Fire Incident: দুর্গাপুরের গোপালপুরে একটি অয়েল ওয়্যারহাউসে ভয়াবহ অগ্নিকাণ্ড! গোডাউনে মজুত থাকা প্রচুর ফাইন পলিমার ও কাঠগুঁড়োর কারণে আগুন দ্রুত লেলিহান রূপ নেয়। পানাগড় ও দুর্গাপুর ফায়ার স্টেশনের একাধিক ইঞ্জিনের রাতভর চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হলেও সৌভাগ্যবশত কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্গাপুর: দুর্গাপুরের গোপালপুরে এক অয়েলের একটি ওয়্যারহাউস গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে হঠাৎই ওই গোডাউনে আগুন লেগে যায়। সেখানে প্রচুর পরিমাণে দাহ্য সামগ্রী, যেমন ফাইন পলিমার এবং কাঠগুঁড়ো মজুত থাকায় আগুন মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার ধারণ করে চারপাশে ছড়িয়ে পড়ে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকর্মীদের।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় পানাগড় ও দুর্গাপুর ফায়ার স্টেশনের দমকলের একাধিক ইঞ্জিন। সারারাত ধরে একটানা আগুন নেভানোর কাজ চালান দমকলকর্মীরা। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও তা পুরোপুরি নিভিয়ে ফেলতে অনেকটাই সময় লাগে। আগুন যাতে নতুন করে ফের না ছড়ায়, সেই সতর্কতা হিসেবে ঘটনাস্থলে পানাগড় ফায়ার স্টেশনের দুটি ইঞ্জিন দীর্ঘক্ষণ ধরে কাজ চালায়।
এই ভয়াবহ আগুনে গোডাউনে মজুত থাকা বিপুল পরিমাণ ফাইন পলিমার ও কাঠগুঁড়ো সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে স্বস্তির বিষয় যে, এই আকস্মিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন পানাগড় ফায়ার স্টেশনের স্টেশন অফিসার বিশ্বজিৎ মুর্মু। দমকল বাহিনীর তরফ থেকে জানানো হয়, তাদের একাধিক ইঞ্জিন এসে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনও খবর না থাকলেও আগুনে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।

Post Comment