৪৫তম IITF 2026: ভারতের বাণিজ্য ও শিল্পোদ্যোগের চার দশকের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চলার নতুন অধ্যায়
Press Release
oi-Oneindia Staff
নয়াদিল্লি: ভারতের অর্থনৈতিক অগ্রগতি, আঞ্চলিক শিল্পোদ্যোগ এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে চলেছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার (IITF)-এর ৪৫তম সংস্করণ। ২০২৬ সালে নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এই বাণিজ্য মেলার থিম ‘Vikas Aur Virasat’। আগামী ১৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে এই মেলা। আয়োজনের দায়িত্বে রয়েছে ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন (ITPO)।

প্রতি বছরই IITF-এ ভারতের বৈচিত্র্যময় শিল্প, সংস্কৃতি ও উদ্যোগের ছবি ধরা পড়ে। দেশের বিভিন্ন শহর ও ছোট ছোট এলাকার তৈরি পণ্য, কারিগরদের দক্ষতা এবং নতুন ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান দর্শকরা। প্রযুক্তি, শিল্প ও উদ্যোগের ক্ষেত্রে ভারতের অগ্রগতির সঙ্গে হস্তশিল্প, সংস্কৃতি এবং আঞ্চলিক ঐতিহ্যের মেলবন্ধন ঘটানোই এবারের মূল ভাবনা।
২০২৬ সালের এই মেলায় ৩,৫০০-রও বেশি প্রদর্শক অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। তাঁদের মধ্যে থাকবে বিভিন্ন রাজ্য, কেন্দ্রীয় মন্ত্রক, রাষ্ট্রায়ত্ত সংস্থা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ (MSME), স্টার্টআপ, কারিগর এবং আন্তর্জাতিক সংস্থাগুলি। ঐতিহ্যবাহী বস্ত্র ও হস্তশিল্প থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং আধুনিক প্রযুক্তি সব কিছুরই দেখা মিলবে এখানে।
এবারের মেলায় কেনাকাটার পাশাপাশি বিনোদন, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং খাবারের আয়োজনেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রদর্শনীর বাইরেও থাকছে নতুন আকর্ষণ
২০২৬ সালের IITF-এ টিকিটের বিনিময়ে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিউজিক শো। পাশাপাশি বিভিন্ন শিল্পীর পরিবেশনা, শিশুদের জন্য বিশেষ প্লে জোন এবং আধুনিক খাবার ও পানীয়ের একাধিক জোন তৈরি করা হবে। গোটা মেলা চত্বর জুড়েই থাকবে ফুড কোর্ট।
দেশের বিভিন্ন প্রান্তের শিল্প, হস্তশিল্প ও উদ্যোগের পরিচয়
এক ছাদের তলায় ভারতের বিভিন্ন রাজ্য ও অঞ্চলের শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন দর্শকরা। অংশগ্রহণকারী রাজ্যগুলি নিজেদের আঞ্চলিক পণ্য, শিল্পের শক্তি, সাংস্কৃতিক ঐতিহ্য এবং স্থানীয় উদ্যোগ তুলে ধরবে।
এবারের মেলায় পার্টনার স্টেট হিসেবে থাকছে বিহার, মহারাষ্ট্র, রাজস্থান এবং উত্তরপ্রদেশ। অন্যদিকে ফোকাস স্টেট হিসেবে অংশ নেবে অসম, দিল্লি, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ।
এই রাজ্যগুলির অংশগ্রহণের মাধ্যমে আঞ্চলিক শিল্প, ঐতিহ্যবাহী কারুশিল্প এবং স্থানীয় পণ্যকে আরও বড় বাজারের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বোঝা যাবে, কীভাবে ঐতিহ্যবাহী দক্ষতা ও আধুনিক ব্যবসায়িক উদ্যোগ একসঙ্গে এগিয়ে যেতে পারে।
কারিগর, তাঁতি, মহিলা উদ্যোগপতি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা তাঁদের তৈরি পণ্য আরও বেশি ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পাবেন। এর ফলে একদিকে যেমন তাঁদের ব্যবসার প্রসার ঘটবে, অন্যদিকে দেশের ঐতিহ্যবাহী শিল্প ও কারুশিল্পও বৃহত্তর বাজারে পরিচিতি পাবে।
নতুন ভাবনা ও ব্যবসার প্রসারে বিশেষ উদ্যোগ
স্টার্টআপ সংস্থাগুলির জন্য IITF 2026-এ থাকছে বিশেষ আকর্ষণ ‘হল অফ ইনস্পিরেশন’। এখানে ছাড়ের মূল্যে অংশগ্রহণের সুযোগ পাবেন নতুন উদ্যোগপতিরা।
এই বিভাগে বিশেষ গুরুত্ব দেওয়া হবে ডিপ টেক, রোবোটিক্স, মেশিন লার্নিং, মহাকাশ প্রযুক্তি, প্রতিরক্ষা ও iDEX, বিমান পরিবহণ, উদ্ভাবন এবং ভবিষ্যতের কর্মদক্ষতার মতো বিষয়গুলিতে।
আন্তর্জাতিক সংস্থাগুলির অংশগ্রহণের ফলে ভারতীয় ব্যবসায়ীরা দেশের বাইরের সম্ভাব্য অংশীদারদের সঙ্গেও যোগাযোগ গড়ে তোলার সুযোগ পাবেন। অন্যদিকে, সাধারণ দর্শকদের জন্যও বিভিন্ন দেশের পণ্য ও নতুন ভাবনার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হবে।
IITF 2026-এ যাওয়ার আগে জেনে নিন প্রয়োজনীয় তথ্য
আগামী ১৩ থেকে ২৭ নভেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত হবে এই বাণিজ্য মেলা।
- ১৩ নভেম্বর: উদ্বোধনী অনুষ্ঠান।
- ১৪ থেকে ১৮ নভেম্বর: শুধুমাত্র ব্যবসায়িক দর্শকদের প্রবেশের সুযোগ।
- ১৯ থেকে ২৭ নভেম্বর: সাধারণ দর্শকদের জন্য মেলা খুলে দেওয়া হবে।
ব্যবসায়িক দিনগুলিতে মূলত পাইকারি ক্রেতা, উৎপাদক, ডিস্ট্রিবিউটর, উদ্যোগপতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিতে পারবেন। অন্যদিকে, সাধারণ দিনগুলিতে পরিবার, পড়ুয়া, কেনাকাটায় আগ্রহী মানুষ এবং ভারতের শিল্প সংস্কৃতি সম্পর্কে জানতে আগ্রহী সকলেই মেলায় যেতে পারবেন।
মেলার টিকিটের দাম এবং প্রবেশ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ITPO-র সরকারি ওয়েবসাইটে চোখ রাখুন। ভারত মণ্ডপমে সহজে পৌঁছতে দিল্লি মেট্রোর ব্লু লাইনের সুপ্রিম কোর্ট স্টেশনে নামতে পারবেন দর্শকরা।
উন্নয়ন ও ঐতিহ্যের মেলবন্ধনে নতুন ভারত
IITF 2026 শুধুমাত্র একটি বাণিজ্য মেলা নয়, বরং ভারতের আঞ্চলিক শিল্প, সাংস্কৃতিক ঐতিহ্য, নতুন ব্যবসায়িক উদ্যোগ এবং আধুনিক প্রযুক্তিকে একই মঞ্চে তুলে ধরার একটি বড় আয়োজন।
এখানে যেমন ভারতের ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির পরিচয় মিলবে, তেমনই দেখা যাবে দেশের আধুনিক শিল্প, ক্ষুদ্র ব্যবসা এবং নতুন উদ্যোগের অগ্রগতিও। ‘Vikas Aur Virasat’ থিমের মূল বার্তা হল ঐতিহ্যকে সঙ্গে নিয়ে উন্নয়নের পথে এগিয়ে চলা এবং ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনা তৈরি করা।
মেলা সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে ভিজিট করুন: www.itpo.gov.in/iitf
Post Comment