সুমন ঘোষের পরিচালনায় ‘ফ্যামিলিওয়ালা’-র শ্যুটিং শেষ করলেন শিবপ্রসাদ, কেমন অভিজ্ঞতা ২ জনের?
কলকাতা: দীর্ঘদিন নিজেদের প্রযোজনা সংস্থার বাইরে কাজ করেননি তিনি। ভেবেছিলেন, নন্দিতা রায়ের (Nandita Roy) পরিচালনা ছাড়া, আর কোথাও কাজ করবেন না। তবে সেই প্রতীক্ষা ভেঙেছিল সুমন ঘোষের (Suman Ghosh) ডাকে। ‘ফ্যামিলিওয়ালা’ ছবিতে, সুমন ঘোষের পরিচালনায় মুখ্যভূমিকায় কাজ করছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। এই ছবির জন্য নিজের লোক একেবারে বদলে ফেলেছিলেন তিনি। আর আজ শেষ হল এই সিনেমার শ্যুটিং। শেষ দিনে, সোশ্যাল মিডিয়ায় শিবপ্রসাদকে নিয়ে একটি লম্বা পোস্ট লিখলেন পরিচালক সুমন।
সুমন লিখছেন, ‘অভিনেতা শিবপ্রসাদের জন্য.. পোস্ট করা এই ২টি ছবি একটি প্রথমদিন শ্যুটের, অপরটি শেষদিন শ্যুটের। এই ২টো ছবিই একজন পরিচালক আর একজন অভিনেতার মধ্যের সম্পর্ক বলে দেয়। যেমনটা শিবু বলে.. ‘ডেডলি কম্বিনেশন’। আমি ঋতুপর্ণ ঘোষের ‘বাড়িওয়ালি’-দেখেছিলাম। ওখানে একটা ছোট্ট চরিত্রে অভিনয় করেছিল শিবু। ওকে দেখে আমি কৌতুহলী হয়েছিলাম। এরপরে নন্দিতা রায়ের পরিচালনায় ওকে একাধিক ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখেছি। ২৫ বছর পরে ও নন্দিতা রায়ের বাইরে অন্য একজন পরিচালকের সঙ্গে কাজ করল। শিবুর সঙ্গে কাজ করা সত্যিই দুর্দান্ত একটা অভিজ্ঞতা। এই চরিত্রটা ওর জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল কিন্তু ও এই পরীক্ষাটায় দুর্দান্তভাবে উত্তীর্ণ হয়েছে। একজন অভিনেতা হিসেবে ও ঠিক কতদূর যেতে পারে, আমি ওকে শেষ পর্যন্ত ঠেলে দিতে চাইতাম। আমাদের মধ্যে যেন একটা খেলা চলত। এই খেলাটাই যেন চিত্রনাট্যটাকে অন্য একটা মাত্রা দিয়েছে। শিবু যে একটা সময়ে নান্দীকারে অভিনয় করত, সেই নান্দীকার যে ওর মধ্যে রয়েছে, সেটা আমি স্পষ্ট দেখতে পেয়েছি।’
‘ফ্যামিলিওয়ালা’-র শ্যুটিং শেষ। ওর সঙ্গে কাজ করা মিস করব। শিবু প্রত্যেকটা দৃশ্যে বলত, ‘সুমনদা, এই দৃশ্যটা কঞ্চি ছিল, তুমি তো বাঁশ দিয়ে দিলে। আমায় এমন এমন কো অ্যাক্টরদের সঙ্গে খেলতে দিয়েছো, যেন অস্ট্রেলিয়ান বোলিং অ্যাটাক।’…এরকম আরও কত কথা। তবে.. শেষ উত্তর দেবেন দর্শকেরা। আশা করি, শিবপ্রসাদের ‘ফ্যামিলিওয়ালা’ আপনাদের দুর্দান্ত লাগবে।’
আর এই পোস্টের উত্তরে, এবিপি লাইভ বাংলাকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলছেন, ‘সুমন ঘোষ যে ভাবনা নিয়ে ফ্যামিলিওয়ালা বানিয়েছেন, সেটা সত্যিই অনন্য। আগামী পৃথিবী হয়তো এই ভাবনা নিয়েই এগিয়ে যাবে। এই সিনেমার অংশ হতে পেরেছি, এই সিনেমার একটা গুরুত্বপূর্ণ চরিত্র যে আমায় ভরসা করে দেওয়া হয়েছে, তার জন্য আমি চিরঋণী, চির কৃতজ্ঞ। যাঁদের সঙ্গে আমায় এই সিনেমায় উনি নির্বাচন করেছেন, আমার মনে হয়েছে তাঁরা অসাধারণ অস্ট্রেলিয়ান টিম। যেদিকে যাব, সেদিকেই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। তাঁদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করাটাও আমার কাছে বেশ কঠিন ছিল। স্বস্তিকা মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, অনুসূয়া মজুমদার, লিলি চক্রবর্তীর মতো অভিনেত্রীদের সঙ্গে প্রথমবার কাজ করলাম। জানি না কতটা পেরেছি। ছবি মুক্তি পেলে দর্শক জানাবেন। তবে এটুকু বলতে পারি, খুব টেনশনে রয়েছি।’



Post Comment