শেয়ার বাজারে আত্মপ্রকাশের পরই সুখবর, দ্বিতীয় ত্রৈমাসিকে জিও প্ল্যাটফর্মসের মুনাফা বাড়ল ১৩.৭ শতাংশ

Last Updated:

শেয়ার বাজারে তালিকাভুক্তির পর প্রথম আর্থিক ফল ঘোষণা করল জিও প্ল্যাটফর্মস। ২০২৬ সালের সেপ্টেম্বর ত্রৈমাসিকে সংস্থার নিট মুনাফা ১৩.৭ শতাংশ বেড়ে হয়েছে ৮,৩৮৯ কোটি টাকা। একই সময়ে পরিচালন রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে ৪০,৪৭৫ কোটি টাকায়।

জিও-র মুনাফা বাড়ল ১৩.৭ শতাংশ
জিও-র মুনাফা বাড়ল ১৩.৭ শতাংশ

মুম্বইঃ শেয়ার বাজারে আত্মপ্রকাশের পর প্রথম ত্রৈমাসিকের ফল ঘোষণা করল জিও প্ল্যাটফর্মস। শুক্রবার প্রকাশিত হিসাব অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে শেষ হওয়া দ্বিতীয় ত্রৈমাসিকে সংস্থার একত্রিত নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ১৩.৭ শতাংশ বেড়ে হয়েছে ৮,৩৮৯ কোটি টাকা। গত বছরের সংশ্লিষ্ট ত্রৈমাসিকে এই অঙ্ক ছিল ৭,৩৭৯ কোটি টাকা।

নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া নথি অনুযায়ী, পর্যালোচনাধীন ত্রৈমাসিকে জিও প্ল্যাটফর্মসের কনসোলিডেটেড রেভিনিউ ১১.৪ শতাংশ বেড়ে হয়েছে ৪০,৪৭৫ কোটি টাকা। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৩৬,৩৩৪ কোটি টাকা।

শুধু বার্ষিক হিসাবেই নয়, আগের ত্রৈমাসিকের তুলনাতেও সংস্থার মুনাফা ও কনসোলিডেটেড রেভিনিউ বেড়েছে। চলতি অর্থবর্ষের জুন ত্রৈমাসিকে জিও প্ল্যাটফর্মসের নিট মুনাফা ছিল ৭,৭৬৫ কোটি টাকা। সেপ্টেম্বর ত্রৈমাসিকে তা বেড়েছে ৮ শতাংশ। অন্য দিকে, কনসোলিডেটেড রেভিনিউ জুন ত্রৈমাসিকের ৩৯,১৭৩ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৪০,৪৭৫ কোটি টাকা। অর্থাৎ, এক ত্রৈমাসিকে কনসোলিডেটেড রেভিনিউ বৃদ্ধির হার ৩.৩ শতাংশ।

শেয়ার বাজারে বড়সড় আত্মপ্রকাশের পর এটাই জিও প্ল্যাটফর্মসের প্রথম আর্থিক ফল ঘোষণা। চলতি সপ্তাহের বুধবার সংস্থার শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছিল। ১,১১৯ টাকা ইস্যু মূল্যের তুলনায় বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) ১,৩৫৮ টাকায় তালিকাভুক্ত হয় শেয়ারটি। অর্থাৎ, ইস্যু মূল্যের তুলনায় ২১.৩৬ শতাংশ বেশি দামে বাজারে যাত্রা শুরু করে জিও প্ল্যাটফর্মস।

বুধবার লেনদেন শেষে বিএসইতে শেয়ারটির দাম দাঁড়ায় ১,৪১৭.৩৫ টাকা। ইস্যু মূল্যের তুলনায় বৃদ্ধি ২৬.৬৬ শতাংশ। এনএসইতে শেয়ারটির দাম ২৬.৬৭ শতাংশ বেড়ে হয় ১,৪১৭.৫০ টাকা। বাজার মূলধনের নিরিখে দেশের দ্বিতীয় মূল্যবান সংস্থার জায়গা করে নেয় জিও প্ল্যাটফর্মস।

Post Comment

You May Have Missed