রাহুল-নিসাঙ্কার বিধ্বংসী ইনিংসে আইপিএলে ইতিহাস দিল্লি ক্যাপিটালসের, নেমেই ভয়ঙ্কর স্টার্ক
জয়পুর: আইপিএলে (IPL 2026) ইতিহাস গড়ল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২২৬ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতল দিল্লি। যা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লির সবচেয়ে বড় রান তাড়া করে জয়। যে জয়ে ব্যাট হাতে নেতৃত্ব দিলেন কে এল রাহুল এবং পাথুম নিসাঙ্কা। দুজনের বিধ্বংসী অর্ধশতরানের ইনিংস দিল্লিকে ম্যাচ জিততে সাহায্য করে। পাশাপাশি IPL 2026-এ মিচেল স্টার্ক প্রথমবার খেলতে নামলেন, এবং নেমেই তিনি সুপারহিট। রান খরচ করলেও ৩ উইকেট নিয়ে রাজস্থান ইনিংসের কোমর ভেঙে দেন অস্ট্রেলিয়ার ফাস্টবোলার। দিল্লির জয়ে অবদান রেখেছেন আশুতোষ শর্মা এবং নীতিশ রানাও।
দিল্লির সবচেয়ে বড় রান তাড়া করে জয়
দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়েছে। রাজস্থান রয়্যালস দল প্রথমে ব্যাট করে ২২৫ রান করে। কে এল রাহুল এবং পাথুম নিসাঙ্কা এই ঐতিহাসিক রান তাড়া করে জয়ের ভিত্তি স্থাপন করেন। দুজনে প্রথম উইকেটের জন্য ৫৭ বলে ১১০ রান যোগ করেন। নিসাঙ্কা ৩৩ বলে ৬২ রান করেন, যেখানে রাহুল ৪০ বল খেলে ৭৫ রানের ইনিংস খেলেন।
এটি আইপিএলের ইতিহাসে দিল্লি ক্যাপিটালসের সবচেয়ে বড় রান তাড়া করে জয়। এর আগে তাদের সবচেয়ে বড় রান তাড়া করে জয়ের নজির ছিল ২১০ রানের, যা তারা ২০২৩ সালের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অর্জন করেছিল।
- ২২৬ রান – দিল্লি ক্যাপিটালস (বনাম RR, ২০২৬)
- ২১০ রান – দিল্লি ক্যাপিটালস (বনাম LSG, ২০২৩)
কে এল রাহুল ইতিহাস গড়লেন
কে এল রাহুল এই ম্যাচে ৪০ বলে ৭৫ রান করেন। এর সঙ্গে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে একটি রেকর্ডও স্পর্শ করলেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলে ৫০ বা তার বেশি স্কোর সবচেয়ে বেশিবার করেছিলেন এ বি ডিভিলিয়ার্স। আটবার তিনি হাফসেঞ্চুরি বা তার বেশি রান করেছেন। রাহুলও আটবার সেই নজির গড়লেন। শিখর ধবন এবং বিরাট কোহলি তাঁদের কেরিয়ারে সাতবার করে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫০ বা তার বেশি স্কোর করেছেন।
দিল্লি ক্যাপিটালসের জন্য এই জয় খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এখন ৯ ম্যাচে চারটি জয়ের পর তারা পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। দিল্লির এই জয় টানা ৩টি হারের পর এসেছে। অন্যদিকে, রাজস্থান এখনও চতুর্থ স্থানে রয়েছে, যাদের এখনও ১২ পয়েন্ট রয়েছে। তাদের একমাত্র প্রাপ্তি বলতে, অধিনায়ক রিয়ান পরাগের ফর্মে ফেরা। যিনি ৫০ বলে ৯০ রান করেন।
আরও পড়ুন: গ্যাসের দাম বাড়ার বড় প্রভাব হোটেল, স্ট্রিট ফুডে! মেনুতে কাটছাঁট, হল কর্মী ছাঁটাইও!



Post Comment