বৈঠকের পর বৈঠক, অবশেষে মিলল সমাধানসূত্র! ফের শুরু হচ্ছে ‘কনে দেখা আলো’-র শ্যুটিং!
- প্রযোজনা সংস্থা ও জি বাংলার সঙ্গে বৈঠকের পর শ্যুটিং শুরু।
- অভিনেতা রাহুলের মৃত্যুর পর শ্যুটিং বন্ধ ছিল।
- আর্টিস্ট ফোরামের শর্ত মেনে জি বাংলা রাজি।
- শিল্পীদের কাজে এবার আর কোনো বাধা নেই।
কলকাতা: প্রায় ১ সপ্তাহ ধরে শ্যুটিং বন্ধ থাকার পরে, অবশেষে জট কাটল ধারাবাহিক ‘কনে দেখা আলো’-র। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর পর থেকেই টলিউড জুড়ে তোলপাড় পরিস্থিতি। রাহুল ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার একটি ধারাবাহিকে অভিনয় করছিলেন। রাহুলের মৃত্যুর দায় প্রযোজনা সংস্থা না নেওয়ার কারণে বা কীভাবে এই মৃত্যু হল, তা নিয়ে কোনও বিবৃতি না দেওয়ার কারণেই কার্যত গোটা টলিউডই এই সংস্থার ওপর ক্ষুদ্ধ। রাহুলের মৃত্যুর দিনকয়েক বাদে, আর্টিস্ট ফোরামের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, Magic Moments Motion Pictures এবং Organinc Studios Pvt Limited-এর সঙ্গে কাজ করবেন না কোনও অভিনেতা, অভিনেত্রী বা টেকনিশিয়ান্স!
কেন ক্ষতিগ্রস্ত ধারাবাহিক ‘কনে দেখা আলো’?
Organinc Studios Pvt Limited-এর প্রযোজনায় চলছিল ধারাবাহিক ‘কনে দেখা আলো’। কিন্তু যেহেতু আর্টিস্ট ফোরামের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, রাহুলের মৃত্যুর দায়স্বীকার না করা পর্যন্ত এই ২ প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করা হবে না.. সেই কারণে মাঝপথেই থেমে গিয়েছিল শ্যুটিং। দিনের পর দিন কলটাইম পাচ্ছিলেন না শিল্পীরা। সেট থেকে অভিনেতা অভিনেত্রীরা ফিরে গেলেও, দফায় দফায় বৈঠক হয়েছে। চেষ্টা করা হয়েছে, কীভাবে চালিয়ে নিয়ে যায় এই ধারাবাহিক। অবশেষে বৃহস্পতিবার মিলল সমাধানসূত্র। বৃহস্পতিবার আর্টিস্ট ফোরামের সঙ্গে বৈঠক হয়েছে জি বাংলার। এই চ্যানেলেই সম্প্রচারিত হয় ধারাবাহিক ‘কনে দেখা আলো’। আর এই মিটিংয়ের পরেই মিলেছে সমাধানসূত্র।
কী বলল আর্টিস্ট ফোরাম?
এদিন আর্টিস্ট ফোরামের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে লেখা রয়েছে, ‘রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায় এর অকাল প্রয়াণের পরবর্তী কালে যে পরিস্থিতির সম্মুখীন হয়ে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলাম, সে সম্পর্কে আপনারা সকলেই অবগত। “কনে দেখা আলো” প্রযোজনাটির সম্পর্কে সম্প্রতি আমরা চ্যানেলের সঙ্গে (Zee বাংলা) সরাসরি আলোচনা করি। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলা যায়।ওঁরা আমাদের শর্তাবলী মেনে নিয়েই প্রযোজনাটি চালিয়ে যাওয়ার পক্ষেই ওঁদের মতামত জানিয়েছেন এবং ৭ দিনের মধ্যে ফোরাম প্রদত্ত শর্তাবলীর সপক্ষে সমস্ত প্রমাণ সহ উপযুক্ত নথি পাঠানোর ব্যাপারে সম্মতি দিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে উক্ত প্রযোজনাটিতে (কনে দেখা আলো) আমাদের সংগঠনের শিল্পীদের কাজ করার ক্ষেত্রে কোনো অন্তরায় বা অসুবিধে রইল না। রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায় কখনও অন্যায়ের সাথে আপোষ করেনি, প্রতিবাদ করেছে। তেমনি ও ইন্ডাস্ট্রিতে আরও কাজ হোক, সুষ্ঠু ভাবে কাজ হোক – নিরন্তর চেয়েছে। আমরা ওর মতাদর্শকে সম্মান করি। পরিস্থিতির চাপে আমাদের কর্মবিরতিতে যেতে হয়েছিল, অযথা কাজের ক্ষেত্রে কোন রকম অসহযোগিতা করা আমাদের নীতি বিরুদ্ধ, মত-বিরুদ্ধ। এ কথা দৃঢ়তার সঙ্গে বলতে আমাদের কোনো বাধা নেই। আসুন সকলে মিলে কাজের পরিবেশকে সুন্দর করে তোলার চেষ্টা করি।



Post Comment