বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মার্শের শতরানের পর, পন্থ, পুরানের বিধ্বংসী ইনিংসে ২১২ তুলল LSG
লখনউ: দুই দল লিগ তালিকার একেবারে দুই প্রান্তে। একদল প্লে-অফের দৌড়ে বেশ ভাল জায়গায় রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আর লিগ তালিকায় একেবারে সবার শেষে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। তবে দুই দলের লড়াইয়ে (LSG vs RCB) কিন্তু সেই ব্যবধান নজরে পড়ল না।
বৃষ্টির জেরে বারংবার ব্যাহত হল ম্যাচ। তাও ওপেনিংয়ে মিচেল মার্শের (Mitchell Marsh) দুরন্ত ব্যাটিং এবং শেষের দিকে ঋষভ পন্থ ও নিকোলাস পুরানের বিধ্বংসী ইনিংসে ১৯ ওভারে মাত্র তিন উইকেটের বিনিময়ে ২০৯ রান তুলল লখনউ সুপার জায়ান্টস। ডাকওয়ার্থ লুইস নিয়মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জয়ের জন্য ২১৩ রান তুলতে হবে। এদিন লখনউয়ের হয়ে মার্শ সর্বাধিক ১১১ রানের ইনিংস খেলেন। পন্থ ১০ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস খেলেন। ৩৮ রানের ইনিংস খেলেন পুরান।
এদিন শুরুতেই বৃষ্টি নামে সেই বৃষ্টি থামলে লখনউ ওপেনাররা মাঠে নেমে চার, ছক্কার বর্ষণ ঘটান। শুরুটা খানিকটা দেখেশুনে করলেও, আক্রমণের পথ বেছে নেন মিচেল মার্শই। তিনি ক্রুণাল পাণ্ড্যর বিরুদ্ধে ১২ ও রসিক সালামের বিরুদ্ধে ১৭ রান তোলেন। পাওয়ার প্লের ফাইনাল ওভারে জশ হ্যাজেলউডের বিরুদ্ধেও ১২ রান উঠে। বিনা উইকেটে ৬৮ রানে পাওয়ার প্লে শেষ করে লখনউ। দেখতে দেখতেই মাত্র ২০ বলে অর্ধশতরান পূরণ করে ফেলেন মার্শ। তবে অপরপ্রান্তে অর্শিন কুলকার্নি রীতিমতো ব্যাটে বেল করতেই সমস্যায় পড়ছিলেন। ২৪ বলে ১৭ রানে তাঁর সংঘর্ষ থামান ক্রুণাল পাণ্ড্য।
আরও পড়ুন:- আরসিবির বিরুদ্ধে খেলবেন না সূর্য, হার্দিক! ফের একবার মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্বে দেবেন রোহিত শর্মা?
এরপরে অবশ্য ছন্দে ফেরা নিকোলাস পুরান ব্যাটে এসে যোগ্য সঙ্গ দেন মার্শকে। দুইজনে মিলে ৭০ রানের পার্টনারশিপ গড়েন। গত ম্যাচেই চূড়ান্ত হতাশাজনক আইপিএল মরশুমের প্রথম অর্ধশতরান হাঁকিয়েছিলেন পুরান। সেইদিনের মতো তিনি আজও তিনেই নামেন এবং তাঁকে স্বভাবচিত ভঙ্গিমায় খেলতে দেখা যায়। অপরপ্রান্তে মার্শও দেখতে দেখতে ৪৯ বলে শতরান পূরণ করে ফেলেন।
শেষমেশ ১১১ রানে মার্শের ইনিংস সমাপ্ত করেন হ্যাজেলউড। তবে তাতেও আক্রমণ থামেনি, বরং ঋষভ পন্থ আরও আগ্রাসী মেজাজে নেমেই ব্যাট চালাতে শুরু করেন। ইনিংসের শেষ ওভারে পুরান ৩৮ রানে আউট হলেও পন্থ এক বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। ছয় ম্যাচ হারের পর লখনউ অবশেষে আজ জয়ে ফেরে কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে। এই ম্যাচে হারলে কিন্তু পন্থদের প্লে-অফে পৌঁছনোর সব আশা শেষ হয়ে যাবে।



Post Comment