নিজের অবসর নিয়ে ফের একবার মুখ খুললেন রোহিত শর্মা, দিলেন স্পষ্ট বার্তা
নয়াদিল্লি: দিনকয়েক আগেই ইংল্যান্ড সফরে রোহিত শর্মার (Rohit Sharma) অবসর নিয়ে প্রবল জল্পনা শুরু হয়ছিল। দাবি করা হচ্ছিল বিলেত সফরের পর তাঁকে আর ভারতীয় দলে চাইছেন না নির্বাচকরা। তবে সেইসব জল্পনা পিছনে ফেলে রোহিত ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন। তা সত্ত্বেও পরের বছর আফ্রিকায় আয়োজিত বিশ্বকাপে তাঁর টিকিট এখনও পাকা নয় বলে একাংশ দাবি করছে। বারংবার প্রশ্ন উঠেছে তাঁর ফিটনেস নিয়ে, জল্পনা শোনা গিয়েছে অবসর প্রসঙ্গেও। এবার ফের একবার নিজের অবসর নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’।
তাঁর শো ‘Family Full House with Rohit Sharma’-এ প্রাক্তন ভারতীয় অধিনায়ক ফের একবার নিজের ভবিষ্যৎ জল্পনা নিয়ে মুখ খুললেন। শোয়ে গেস্ট হিসাবে উপস্থিত ছিলেন করিশ্মা কপূর এবং চাঙ্কি পান্ডে। করিশ্মা যেখানে তিনি কড়া ডায়েট করেন বলে জল্পনার জবাব দেন, সেখানে চাঙ্কি পান্ডে ইন্ডাস্ট্রিতে তাঁর কিপটে হওয়ার গুজব নিয়ে মুখ খোলেন। এই সুযোগে রোহিত নিজের অবসর নিয়ে মুখ খোলেন। তাঁকে বলতে শোনা যায়, ‘আমার বিষয়ে যে জল্পনা আমি শুনতে পেয়েছিলাম এবং এখনও শুনছি, সেটা হল আমি শীঘ্রই অবসর নেব। আশা করছি আমাদের নিয়ে এই সমস্ত জল্পনা যেন দ্রুতই নস্যাৎ হয়।’
আরও পড়ুন:- নিউজ়িল্যান্ড সিরিজ়ের জন্য জোরকদমে প্রস্তুতি শুরু, দেখুন কোহলির ব্যাটিংয়ের ভিডিও
এইসবের মধ্যেও ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে রোহিত তিনটি ওয়ান ডে সিরিজ়ে একটি শতরান হাঁকানোর পাশাপাশি একটি ৯২ রানের ইনিংসও খেলেছিলেন। এরপরে তাঁকে ৪ নভেম্বর থেকে শুরু হতে চলা নিউজ়িল্যান্ড সিরিজ়ে কিউয়িভূমে ভারতের হয়ে খেলতে দেখা যাবে।
রোহিতের অবসর জল্পনা যেখানে বারংবার শোনা যাচ্ছে, সেখানে মুম্বইয়েরই আরেক কিংবদন্তি রোহিতের থেকে অবসরের আগে একটি প্রত্যাশা রেখেছেন। রোহিত প্রসঙ্গে সুনীল গাওস্কর বলেন, ‘আমি চাই যে মুহূর্তে রোহিত খেলা ছাড়ার সিদ্ধান্ত নেবে, আমি ব্যক্তিগতভাবে দেখতে চাই রোহিতের ওয়ানডে সেঞ্চুরির সংখ্যা যেন তাঁর বয়সের চেয়ে বেশি হয়। আমার কাছে এটি অত্যন্ত বিশেষ একটি বিষয় যখন একজন খেলোয়াড়ের অবসরের সময় তাঁর মোট শতরান তাঁর বয়সকে ছাপিয়ে যায়। এতে বোঝায় তিনি কেমন কেরিয়ার গড়েছেন ও এতগুলো বছর ধরে কতটা উচ্চমান বজায় রেখেছেন। এই কারণেই আমি মন থেকে চাই রোহিত যেন ওই জায়গায় পৌঁছায়।’
Post Comment