নতুন ভূমিকায় মহেশ ভূপতি-সানিয়া মির্জা, মনোনয়ন জমা করলেন দুই কিংবদন্তি টেনিস খেলোয়াড়

নয়াদিল্লি: টেনিস কোর্টে দুজনেরই রয়েছে একাধিক কীর্তি। ভারতীয় টেনিসের কিংবদন্তি চরিত্র। একটা সময় জুটি বেঁধে মিক্সড ডাবলস খেলে পেয়েছেন সাফল্য। সেই মহেশ ভূপতি ও সানিয়া মির্জা (Mahesh Bhupathi and Sania Mirza) কি এবার নতুন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন?

সর্বভারতীয় টেনিস সংস্থা (All India Tennis Association AITA)-র অসাধারণ ক্রীড়াব্যক্তিত্ব (SOM) নির্বাচনে মনোনয়ন জমা করেছেন দুজনই। ৭ নভেম্বর নির্বাচন। এবার ক্রীড়া প্রশাসনে দেখা যেতে পারে মহেশ-সানিয়া জুটিকে। তবে নির্বাচনে দাঁড়াচ্ছেন না ভারতীয় টেনিসের আর এক কিংবদন্তি লিয়েন্ডার পেজ। বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন এআইটিএ প্রেসিডেন্ট পদে দাঁড়ালে লিয়েন্ডারকে সমর্থন করবে বলে আগেই জানিয়েছিল। তবে মনোনয়ন জমা দেননি লি।

পেজের অনুপস্থিতি আরও নজরে পড়ছে কারণ, ৪০ সদস্যের মধ্যে টিয়ার ওয়ানে থাকা একমাত্র প্লেয়ার তিনি। প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে গেলে তাঁকে SOM পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হতো। যেহেতু তিনি কোনও রাজ্য টেনিস সংস্থার পদাধিকারী হিসাবে এর আগে ছিলেন না। জাতীয় ক্রীড়া সংশোধনী বিল অনুযায়ী সর্বভারতীয় পর্যায়ে কোনও ক্রীড়া সংস্থার নির্বাচনে লড়তে গেলে তাঁকে রাজ্য সংস্থার পদাধিকারী হিসাবে একটা মেয়াদকাল পার করতেই হবে। তার পরেও ২৭ নভেম্বর সর্বভারতীয় টেনিস সংস্থার নির্বাচনে বেঙ্গল টেনিস সংস্থার প্রতিনিধিত্ব করতে পারবেন পেজ। তবে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন না।

পেজের দীর্ঘদিনের ডাবলস পার্টনার ভূপতি যদিও মনে করেন, ক্রীড়াবিদদের আরও বেশি করে ক্রীড়া প্রশাসনে আসা উচিত। প্রাক্তন প্লেয়াররা ক্রীড়া প্রশাসনে অনেক বেশি অবদান রাখতে পারেন বলে মত তাঁর। ভূপতি সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘আমার মনে হয় সব ক্রীড়া সংস্থায় সর্বোচ্চ পর্যায়ে খেলেছে এমন খেলোয়াড়কে দরকার যাতে খেলার বিবর্তন সহজ হয়। যেরকম পুল্লেলা গোপীচন্দ করেছে ব্যাডমিন্টনের ক্ষেত্রে।’

তবে শুধু ভূপতি বা সানিয়া নন, এসওএম নির্বাচনে মনোনয়ন জমা করেছেন আরও ৬ খেলোয়াড়। তাঁদের মধ্যে রয়েছেন অঙ্কিতা ভামব্রি, ডেভিস কাপ দলের বর্তমান কোচ আশুতোষ সিংহ, গৌরব নাটেকার, জানকী কৃষ্ণমূর্তি, শালিনি ঠাকুর চাওলা ও বিশাল উপ্পল। সর্বভারতীয় টেনিস সংস্থার সংশোধিত গঠনতন্ত্র বলছে, এসওএম প্রতিনিধি হিসাবে চারজন জেনারেল বডিতে থাকতে পারেন। সমসংখ্যক পুরুষ ও মহিলা প্রতিনিধি থাকবেন। পাশাপাশি ১৫ সদস্যের কার্যকরী কমিটিতে SOM থেকে একজন করে পুরুষ ও মহিলা প্রতিনিধি থাকবেন।

 

Previous post

‘এই ২ মাসে অনেক খারাপ কথা শুনেছি..’, বিগ বস থেকে ভরত কল বেরোতেই মুখ খুললেন স্ত্রী

Next post

Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে এবার শিল্পী সুশান্ত পালকে তলব লালবাজারের! কীভাবে মণ্ডপ তৈরি? কেন আলো কম রাখা হল? আরও কী কী জানতে চান তদন্তকারীরা

Post Comment

You May Have Missed