পাহাড়ে উন্নয়নের জোয়ার! নতুন বাজেটে বাড়বে চাকরি, পর্যটনেও আসছে বড় পরিবর্তন
Last Updated:
রাজ্য বাজেটে উত্তরবঙ্গ ও পাহাড়ি এলাকার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কর্মসংস্থান বৃদ্ধি, পর্যটন খাতে নতুন সুযোগ এবং অবকাঠামো উন্নয়নের একাধিক উদ্যোগকে শিল্পমহল ‘গেম চেঞ্জার’ হিসেবে দেখছে। এর ফলে পাহাড় ও ডুয়ার্স অঞ্চলের অর্থনীতিতে নতুন গতি আসতে পারে।
দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট ২০২৬-কে উত্তরবঙ্গের উন্নয়নের রূপরেখা হিসেবে স্বাগত জানাল শিল্প ও ব্যবসায়ী মহল। শিলিগুড়ির চার্চ রোডে লঘু উদ্যোগ ভারতী (LUB) উত্তরবঙ্গ এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII) উত্তরবঙ্গের যৌথ সাংবাদিক বৈঠকে বাজেটকে শিল্পবান্ধব ও ভবিষ্যতমুখী বলে উল্লেখ করা হয়। শিল্প প্রতিনিধিদের মতে, এই বাজেট উত্তরবঙ্গের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে।
বৈঠকে CII উত্তরবঙ্গের চেয়ারম্যান সতীশ মিত্রুকা বলেন, রাজ্য সরকারের পরিকাঠামো উন্নয়ন ও শিল্প বিনিয়োগমুখী উদ্যোগ আগামী দিনে উত্তরবঙ্গকে আরও শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। তিনি জানান, শিল্প, বাণিজ্য ও পরিষেবা খাতে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে, যার ফলে কর্মসংস্থানের ক্ষেত্রও সম্প্রসারিত হবে।
লঘু উদ্যোগ ভারতী উত্তরবঙ্গের সভাপতি সিএ আদিত্য মিত্রুকা বাজেটের প্রশংসা করে বলেন, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের (MSME) বিকাশে যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, তা উদ্যোক্তাদের জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা। তাঁর মতে, এই বাজেট বাস্তবায়িত হলে উত্তরবঙ্গে নতুন শিল্প গড়ে উঠবে এবং স্থানীয় যুবকদের জন্য কর্মসংস্থানের একাধিক সুযোগ তৈরি হবে।
আদিত্য মিত্রুকা আরও বলেন, শুধুমাত্র সমতল নয়, দার্জিলিং এবং পার্শ্ববর্তী পাহাড়ি এলাকাগুলিও এই বাজেটের সুফল পাবে। পর্যটন অবকাঠামোর উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে পাহাড়ে পর্যটকদের আগমন আরও বৃদ্ধি পাবে। এর ফলে হোটেল, হোমস্টে, পরিবহণ এবং ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত হাজার হাজার মানুষের আয় বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে।
শিল্পমহলের মতে, এই বাজেট উত্তরবঙ্গের জন্য শুধু আর্থিক পরিকল্পনা নয়, বরং উন্নয়নের একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ। কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পায়ন, পর্যটনের প্রসার এবং পাহাড়-সমতলের সমন্বিত উন্নয়নের মাধ্যমে উত্তরবঙ্গকে আরও সমৃদ্ধ করার বার্তা দিয়েছে এই বাজেট। তাই রাজ্য সরকারের এই বাজেটকে “দারুণ” এবং “ভবিষ্যৎমুখী” বলে অভিহিত করেছেন শিল্প প্রতিনিধিরা।
Darjeeling,West Bengal
Post Comment