কৌস্তভের কাছে হার, তাঁকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল কাদাও! রাজনৈতিক সফরে ইতি টানার ঘোষণা রাজ

কৌস্তভের কাছে হার, তাঁকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল কাদাও! রাজনৈতিক সফরে ইতি টানার ঘোষণা রাজ

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

  • রাজ চক্রবর্তী রাজনৈতিক জীবন শেষ ঘোষণা করলেন।
  • ২০২১ সালে ব্যারাকপুরের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।
  • বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী কৌস্তভ বাগচীর কাছে পরাজিত হয়েছেন।
  • নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়ে উন্নয়নের আশা প্রকাশ করেছেন।

কলকাতা: রূপোলি পর্দার কেরিয়ার দীর্ঘ, রাজনীতির কেরিয়ার অবশ্য ততটা দীর্ঘ নয়। তবে সিনেমা তৈরির পাশাপাশি বেশ অনেক বছর বিধায়কের দায়িত্ব ও পালন করেছিলেন তিনি। রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। তৃণমূলের টিকিটে ভোটে লড়েছিলেন তিনি, ২০২১ সালে। নির্বাচনে জয়ী হয়ে ব্যারাকপুরের বিধায়ক ও হয়েছিলেন। টিকিট পেয়েছিলেন ২০২৬ সালেও, জোরকদমে প্রচার ও চালিয়েছিলেন। কিন্তু নির্বাচনে বিজেপির কৌস্তভ বাগচীর কাছে হেরে যান রাজ। বেশ অনেকটা ভোটের ব্যবধানে। শনিবার শপথ নেবে নতুন সরকার, আর কোনও দায়িত্বে থাকবেন না রাজ। তবে তার আগেই, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, রাজনৈতিক কেরিয়ারে ইতি টানার কথা জানালেন রাজ। পাশাপাশি নতুন সরকারকে শুভেচ্ছাও জানাতে ভুললেন না রাজ!

রাজের বার্তা

সোশ্যাল মিডিয়ায় রাজ লিখেছেন, ‘জীবনে যখনই কোনও দায়িত্ব পেয়েছি, সততা আর নিষ্ঠার সঙ্গে তা পালন করে এসেছি। চেষ্টা করেছি নিজের সবটুকু দেওয়ার। একজন পরিচালক হিসেবে সিনেমার মাধ্যমে মানুষকে সবসময়ে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। কখনও জিতেছি, কখনও হেরেছি। ২০২১ সালে আমার রাজনৈতিক জীবনে পদার্পণ। মানুষ আমাকে সুযোগ দিয়েছিলেন কাজ করার। পরবর্তীতে ৫ বছর ধরে, সেইভাবেই বিধায়কের দায়িত্ব পালন করে গিয়েছি। সেই অধ্যায় শেষ হল, ২০২৬-এ। সঙ্গে শেষ হল আমার রাজনৈতিক জীবনের পথচলা। বাংলার মানুষের মতামতে, বাংলায় নতুন সরকার এসেছে। আগামী ৯ মে, ২০২৬ তাঁরা শপথ নেবেন। তাঁদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করব, আপনাদের হাত ধরে পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে উন্নতির পথে। মানুষের সমস্ত সমস্যার সমাধান হবে। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।’

রাজকে ছোঁড়া হল কাদা!

গণনার দিন, নিয়ম মেনে কাউন্টিং সেন্টারে হাজির ছিলেন রাজ। তবে বিকেলের দিকে, যখন তাঁর সঙ্গে কৌস্তভ বাগচীর ভোটের ব্যবধান ক্রমশই বাড়ছে, তখনই গণনাকেন্দ্র ছাড়েন রাজ। তবে বেরনোর সময়ে, রাজকে ‘চোর চোর’ স্লোগান শুনতে হয়। এখানেই শেষ নয়, রাজকে লক্ষ্য করে কাদা ছুঁড়ে মারা হয়! কোনোমতে সেই জায়গা থেকে চলে যান রাজ। তবে সোশ্যাল মিডিয়ায় এরপরে শুভশ্রী রাজের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছিলেন।

 



Post Comment

You May Have Missed