একাকী বৃদ্ধের জীবনে অদ্ভুত টানাপোড়েন! রজতাভ দত্তের নতুন সিনেমায় থাকছে কী কী চমক?
কলকাতা: নতুন সিনেমা নিয়ে আসছেন, অভিনেতা রজতাভ দত্ত (Rajatava Dutta)। সৌভিক ভট্টাচার্যের পরিচালনায় আসছে নতুন সিনেমা, ‘এখানে প্রস্রাব করিবেন না’। ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে, রজতাভকে। সিনেমার প্রযোজনা করেছে, ‘ইডিয়েট বক্স’। গল্প লিখেছেন সৌরভ মালাকার। চিত্রনাট্য ও সংলাপে তাঁর সঙ্গে কাজ করেছেন, সপ্তর্ষি ঘটক। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন সুদীপ্ত মজুমদার। সম্পাদনায় গৌরবময় বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গীত ও আবহে শুভদীপ মজুমদার। নির্বাহী প্রযোজকের দায়িত্বে রয়েছেন, সৌম্য সেনগুপ্ত।
রজতাভের নতুন সিনেমায় অদ্ভুত এক সমীকরণ!
উত্তর কলকাতার এক পুরনো পাড়ার পটভূমিতে নির্মিত এই গল্পের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত। গল্পে তাঁর চরিত্রের নাম, নির্মল ভট্টাচার্য। একজন ভীষণ একগুঁয়ে, অভিমানী বৃদ্ধ, যিনি নিজের ভগ্নপ্রায় বাড়ির সামনের দেওয়ালকে রক্ষা করতে, প্রতিদিনই এক অদ্ভুত যুদ্ধে নেমে পড়েন। গল্পের আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র, পাড়ার আরেকটি ছেলে। প্রাণখোলা এক যুবক, নাম বাবলা। এই চরিত্র অভিনয় করছেন, সায়ন ঘোষ। তাঁর উপস্থিতি গল্পে যেমন হাস্যরস এনে দিয়েছে, তেমনই এনে দিয়েছে বিভিন্ন অস্থিরতা। গল্পে এই যুবক আর এই বৃদ্ধের সম্পর্কের মধ্যে রয়েছে একটা অনিশ্চিত মানবিক সংযোগ, যা ধীরে ধীরে বৃদ্ধ নির্মলের কঠোর মনোভাবকে নাড়িয়ে দেয়।
অন্যদিকে, নির্মলের জীবনের সবচেয়ে কাছের, কিন্তু জটিল সম্পর্কের চরিত্র মিনতি। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বৈশাখী রায়কে। মিনতি একদিকে কাজের মেয়ে, অন্যদিকে নির্মলের একাকীত্বের নীরব সাক্ষী। তার সঙ্গে নির্মলের সম্পর্কেই লুকিয়ে আছে গল্পের আবেগঘন স্তর। একটি দেওয়াল, একটি নিষেধাজ্ঞার বাক্য, ‘এখানে প্রস্রাব করিবেন না’, আর তার চারপাশে গড়ে ওঠা মানুষের আচরণই এই কাহিনিকে এগিয়ে নিয়ে যায়। হাস্যরসের আড়ালে ধরা পড়ে একাকীত্ব, অভিমান এবং শহুরে জীবনের অদ্ভুত বাস্তবতা। কলকাতাতেই হয়েছে এই সিনেমার শ্যুটিং।
প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছে, ‘ফুলপিসি ও এডওয়ার্ড’, এই ছবির পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত। তাঁর অভিনয় এই ছবিতে প্রশংসা পেয়েছে। পাশাপাশি, একাধিক ছবিতে সদ্যই অভিনয় করে ফেলেছেন তিনি।
আরও পড়ুন: Priyanka Sarkar: রাহুল নেই, কী হবে ‘সহজ কথা’-র? কী পরিকল্পনা প্রিয়ঙ্কার? জানালেন অভিনেত্রী
Priyanka Sarkar: রাজনীতি নয়, ওকে ভালবেসে সবাই প্রতিবাদ করেছেন, জানলে খুশি হত রাহুল: প্রিয়ঙ্কা সরকার



Post Comment