‘আর্টিস্টদের সঙ্গে সখ্য হয় না, ভয় পাই…’, ধারাবাহিকের শ্যুটিং শেষ করে মুখ খুললেন জিতু কমল
- জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর শুটিং শেষ।
- মূল চরিত্রে জিতু কমল ও শিরিন পালের জনপ্রিয় জুটি।
- জিতু টেকনিশিয়ানদের সঙ্গে সম্পর্ক নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন।
- অভিনেতা ভবিষ্যতে সিনেমায় কাজ করার কথা জানিয়েছেন।
কলকাতা: শোনা যাচ্ছিল, জনপ্রিয় এই ধারাবাহিক নাকি শেষের পথে…আগের মতো টিআরপি না আসার কারণেই এই ধারাবাহিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন নির্মাতার। অবশেষে সেই খবরে সিলমোহর পড়ল। শেষ হল ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর শ্যুটিং। এই ধারাবাহিকে মুখ্যভূমিকায় অভিনয় করছিলেন জিতু কমল (Jeetu Kamal)। তাঁর বিপরীতে অভিনয় করছিলেন, শিরিন পাল (Shirin Pal)। জিতু আর শিরিনের রসায়ন দর্শকদের ও বেশ জনপ্রিয় ছিল। তবে তাঁদের পথচলার শেষ হচ্ছে এখানেই, আজ শেষ শ্যুটিং করলেন জিতু। সোশ্যাল মিডিয়ায় সেট ছেড়ে যাওয়ার আগে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে নিয়েছেন ধারাবাহিকের নায়ক, পর্দার ‘আর্য’।
জিতুর খোলা চিঠি
সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকের টেকনিশিয়ান্সদের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন জিতু। সঙ্গে লিখেছেন, ‘এঁরা প্রত্যেকেই ইন্ডাস্ট্রির টেকনিশিয়ান্স। আমার একটা প্রোজেক্ট শেষ হল, এঁরা সেই প্রোজেক্টেরই টেকনিশিয়ান্স। এক জায়গায় বহুদিন থাকলে, কাজ করলে মনমালিন্য হয়, প্রেম হয়, ভালবাসা হয়। মেগা সিরিয়াল তেমনই এতটা জায়গা। এই টেকিনিশিয়ান্সদের সঙ্গে এক মুহূর্তের জন্য ও আমার কখনও মনোমালিন্য হয়েছে কি না, জিজ্ঞাসা করে দেখবেন তো। যে বা যাঁরা বার বার প্রশ্ন তোলেন, রটানোর চেষ্টা করেন যে আমি দুর্ব্যবহার করি, আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন, তাঁরা ভবিষ্যতেও করবেন। করুন। আমার ইচ্ছা হলে প্রত্যুত্তর দেব। নাহলে দেব না। তবে এটা সত্যি, আমার যত সখ্যতা সবই এই টেকনিশিয়ান্সদের সঙ্গে। হ্যাঁ এটা ঠিক যে, আর্টিস্টদের সঙ্গে আমার সখ্যতা গড়ে ওঠে না। আমি খুব একটা কথা বলতে পারি না তাঁদের সঙ্গে, ভয় পাই। তাই দূরে সরে থাকি। দূরে থাকাটাকে যদি আমার দম্ভ বলেন, তাহলে সেটা দম্ভ। কিন্তু দুর্ব্যবহার বলতে পারেন না।’
কেমন ছিল জিতুর মেকআপ রুম?
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন জিতু। সেখানে তিনি তাঁর মেকআপ রুমের প্রতিটি কোণা তুলে ধরেছেন। জিতু শিবভক্ত, তাই তাঁর রূপটান ঘর জুড়ে ছিল, মহাদেবের বিভিন্ন ছবি। জিতু নিজের ঘরে রেখেছিলেন একাধিক গাছ, বিভিন্ন অনুরাগীদের দেওয়া তাঁর বিভিন্ন পোট্রেট। মেকআপ রুমের বড় আয়নায় জিতু আটকে রেখেছিলেন, প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে নেন তিনি। আগেই জিতু জানিয়েছিলেন, এটাই তাঁর শেষ ধারাবাহিক। তবে আগামীতে একাধিক সিনেমায় দেখা যাবে জিতুকে।



Post Comment