আজ প্রথম দফায় ১৬ জেলার ১৫২ আসনে নির্বাচন, বেনজির নিরাপত্তা, হেভিওয়েট প্রার্থী কারা?

আজ প্রথম দফায় ১৬ জেলার ১৫২ আসনে নির্বাচন, বেনজির নিরাপত্তা, হেভিওয়েট প্রার্থী কারা?

কলকাতা: আজ, বৃহস্পতিবার থেকে শুরু বিধানসভার (WB Election) যুদ্ধ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এবার ভোট হচ্ছে দু’দফায়। বৃহস্পতিবার, ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। প্রথম দফায় ১৬ জেলার ১৫২ আসনে নির্বাচন হচ্ছে। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। মোতায়েন করা হয়েছে প্রায় ২ লক্ষ কেন্দ্রীয় বাহিনী। নজরদারিতে রয়েছে প্রায় ১০০ পুলিশ পর্যবেক্ষক।

নিরাপত্তার বজ্র আঁটুনি

প্রথম দফায় ১৬ জেলার ১৫২ কেন্দ্রে ভোট। মোট ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মুর্শিদাবাদে সর্বোচ্চ কেন্দ্রীয় বাহিনী মোটায়েন হয়েছে। প্রতি বুথে কমপক্ষে ৪ জন করে জওয়ান থাকবেন। ভোটকেন্দ্রের বাইরে ১০০ মিটার এলাকা নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় বাহিনী। মোতায়েন করা হয়েছে ৪১ হাজার পুলিশ।

নজিরবিহীন নিরাপত্তা

হিংসামুক্ত ভোট করানোর চ্যালেঞ্জ রয়েছে নির্বাচন কমিশনের সামনে। কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহাড়ায় প্রথম দফার ভোট হবে। বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল চলছে ভোটের কয়েকদিন আগে থেকেই। মোড়ে মোড়ে নাকা চেকিং। বাইক চলাচলে বিধিনিষেধ রয়েছে। বুধবার দুপুর পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৭৬৪ জনকে।

কড়া নজরদারি

লক্ষ্য অবাধ ও সুষ্ঠু ভোট। বুথে বুথে ওয়েব কাস্টিং। সিইও দফতর থেকে নজরদারি চালানো হচ্ছে। এবারের ভোটে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ ও গ্রিন পুলিশের কোনও ভূমিকা থাকছে না। ৩ দিন আগে থেকে রিজার্ভে রাখা হয়েছে তাঁদের। ভোটারদের লাইন সামলাবে লাঠিধারি পুলিশ বা হোমগার্ড।

প্রার্থীদের নিয়েও কড়াকড়ি

ভোটের দিন সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত এলাকার বাইরে যেতে পারবেন না প্রার্থীরা। ভোট চলাকালীন থাকতে হবে নিজের বিধানসভা এলাকাতেই। নির্দেশ কমিশনের।

প্রথম দফায় ভোটার সংখ্যা ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার

বাংলায় প্রথম দফায় ভোটার সংখ্যা ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার জন। ভোটের দিন বাইকেও নিষেধাজ্ঞা পুলিশের। সন্ধে ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত, মোটর বাইক ব্যবহার করা যাবে না। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত, মোটর বাইকে চালকের পিছনে কাউকে বসানো যাবে না। জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের উদ্দেশে জারি হয়েছে নির্দেশিকা।

তবে কমিশনের তরফে জানানো হয়েছে, জরুরি প্রয়োজনে এই নিষেধাজ্ঞা বলবৎ হবে না। সামাজিক অনুষ্ঠানে যাওয়ার জন্য যাঁরা বাইকে সওয়ার হবেন, তাঁরা পাবেন ছাড়। অ্যাপভিত্তিক বাইক পরিষেবা ও ফুড ডেলিভারি পরিষেবার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। অফিসযাত্রীদের জন্য দেওয়া হয়েছে ছাড়। আই কার্ড দেখালে ছাড় পাবেন তাঁরা। অন্য কোনও প্রয়োজনে বাইক নিয়ে রাস্তায় বেরোতে হলে স্থানীয় থানার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে।

বেনজির নিরাপত্তা

আজ প্রথম দফায় ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোট। ১৫২টি কেন্দ্রে মোতায়েন থাকবে ২৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুধু মুর্শিদাবাদেই মোতায়েন থাকবে ৩১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রত্যেক বুথে থাকবে কমপক্ষে ৪ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। যদি ১টি ভোটকেন্দ্রে ৩ অথবা ৪ টি বুথ থাকে, তাহলে কেন্দ্রীয় বাহিনীর ৮ জন মোতায়েন থাকবে। ৫ অথবা ৬ টি বুথ হলে থাকবে কেন্দ্রীয় বাহিনীর ১৬ জন জওয়ান। ৭ অথবা ৮টি বুথ থাকলে থাকবে ২৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।

ভোটকেন্দ্রের বাইরে ১০০ মিটার এলাকা নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় বাহিনী। বুথ ভিত্তিক লাঠিধারি পুলিশ বা হোমগার্ড থাকবে অন্ততপক্ষে ১ জন। বাকি লাঠিধারী পুলিশ ভোটারদের লাইন কন্ট্রোল করবে, কমিশন সূত্রে খবর। প্রথম দফার ভোটে থাকবে রাজ্যের মোট ৪১ হাজার পুলিশ।

নজরে নন্দীগ্রাম

বৃহস্পতিবার নন্দীগ্রামে ভোট রয়েছে। যেখানে লড়াই করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে তৃণমূল দাঁড় করিয়েছে পবিত্র করকে। নজর থাকবে মুর্শিদাবাদের বহরমপুরের দিকে। এবার এই কেন্দ্রে কংগ্রেসের তুরুপের তাস অধীর চৌধুরী। এছাড়া হুমায়ুন কবীর, মৌসম বেনজির নুর, জিতেন্দ্র তিওয়ারি, অগ্নিমিত্রা পাল, অশোক ডিন্ডাদের ভাগ্যপরীক্ষাও হবে এদিন।

Post Comment

You May Have Missed