Beleghata Sector V Metro: সেক্টর ৫ পর্যন্ত মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি, ঘোষণা বৈষ্ণবের! কবে থেকে চালু, ইঙ্গিত শুভেন্দুর
Last Updated:
এই মুহূর্তে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা চালু রয়েছে৷ সেই পরিষেবাই সেক্টর ফাইভের আইটি সেন্টার স্টেশন পর্যন্ত সম্প্রসারিত হতে চলেছে৷
বেলেঘাটা থেকে চিংড়িহাটা হয়ে সেক্টর ফাইভ পর্যন্ত অংশে মেট্রো রেলের যাত্রী পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এ দিন সাঁতরাগাছিতে রেলের অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা করে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ ওই একই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ইঙ্গিত, ডিসেম্বর মাসের আগেই ওই অংশে যাত্রী পরিষেবা শুরু হতে পারে৷
তৃণমূল সরকারের আমলে দীর্ঘদিনের জট কাটিয়ে নতুন সরকারের আমলে চিংড়িহাটায় শেষ হয়েছে মেট্রো রেলের নির্মাণকাজ৷ সেই কাজ শেষ হওয়ার পর ইতিমধ্যেই অরেঞ্জ লাইনে বেলেঘাটা থেকে সেক্টর ফাইভের আইটি সেন্টার স্টেশন পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান শুরু হয়েছে৷
এ দিন রেলের অনুষ্ঠানে অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, অরেঞ্জ লাইনে বহু প্রতীক্ষিত এই যাত্রী পরিষেবা শুরু উদ্বোধন হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে৷ উদ্বোধন অনুষ্ঠানে আসার জন্য প্রধানমন্ত্রীর দফতরের কাছে সময়ও চাওয়া হয়েছে৷ প্রধানমন্ত্রী সময় দিলেই সেক্টর ফাইভ পর্যন্ত যাত্রী পরিষেবার উদ্বোধন হবে৷ চিংড়িহাটার জট কাটানোর জন্য বর্তমান রাজ্য সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি পূর্বতন তৃণমূল সরকারকেও নিশানা করেন বৈষ্ণব৷ রেলমন্ত্রী বলেন, শুভেন্দু অধিকারীর সরকার আমাকে সাহায্য করছে। আগের সরকার কি করেছিল জানেন। চিংড়িহাটা কাজ করতে দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো প্রকল্পের কাজ আটকে রেখেছিল। নতুন সরকার শুভেন্দু অধিকারী সেই কাজ করে দিলেন। এর পরই রেলমন্ত্রী বলেন, কলকাতা মেট্রোয় বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত ট্রায়াল রান চলছে। প্রধানমন্ত্রী এই অংশের উদ্বোধন করবেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও রেলমন্ত্রীর কাছে ডিসেম্বর মাসের মধ্যেই সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোর উদ্বোধন করে দেওয়ার অনুরোধ করেছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর থেকে তারিখ নিয়ে আমাদের মেট্রোর উদ্বোধন করে দিন। ফিল্ম ফেস্টিভ্যাল, প্রবাসী ভারতীয় সম্মেলন, বিশ্ব এনার্জি সম্মেলন হবে। ডিসেম্বর থেকে এগুলো শুরু হবে। তার আগে এই রেল প্রকল্পের উদ্বোধন আমরা চাইছি।
ইস্ট ওয়েস্ট মেট্রোর সেক্টর ফাইভ স্টেশনের ঠিক পাশেই এই আইটি সেন্টার স্টেশনের অবস্থান৷ ফলে আইটি সেন্টার পর্যন্ত পরিষেবা চালু হলে গ্রিন লাইনের সঙ্গেও অরেঞ্জ লাইনের সংযোগ স্থাপন হবে৷

Post Comment