Women Help Desk: নারী সুরক্ষায় বিশেষ উদ্যোগ, বাঁকুড়ার ২৩ থানাতেই থাকছে মহিলা হেল্প ডেস্ক
Last Updated:
Women Help Desk: নারী সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে বাঁকুড়া জেলার ২৩টি থানাতেই মহিলা হেল্প ডেস্ককে আরও কার্যকর করার উদ্যোগ নিল পুলিশ। নতুন পুলিশ সুপার সতীশ পশুমার্থী জানিয়েছেন, মহিলাদের নিরাপত্তা ও সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: পশ্চিমবঙ্গ যেহেতু “মা” অর্থাৎ পশ্চিমবঙ্গকে আমরা বঙ্গমা হিসেবে ডাকি, সেই কারণে নারী সুরক্ষার উপর বিশেষ জোর দেয়া হবে বাঁকুড়া জেলায় বলেন খোদ পুলিশ সুপার সতীশ পশুমার্থী। বাঁকুড়ার প্রতিটি থানায় থাকছে বিশেষ ব্যবস্থা। সে ব্যবস্থাকে আরো শক্তপোক্ত করে তুলতে চাইছেন নতুন পুলিশ সুপার। তিনি জানান, “আমি লক্ষ্য করেছি অনেক বেশি নারী সুরক্ষায় জোর দিতে হবে। বাংলাকে আমরা মা বলে ডাকি। সেই কারণে বাংলার নারী শক্তিকে আরও মজবুত করতে হবে। বাঁকুড়া পুলিশের হাত ধরে জেলায় তেমনই কাজ হবে ভবিষ্যতে।
পুলিশ সুপার জানিয়েছেন প্রতিটি থানায় থাকবে মহিলা হেল্প ডেস্ক। এই হেল্প ডেস্ক’এ সরাসরি মহিলারা গিয়ে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। বাঁকুড়া জেলায় রয়েছে মোট ২৩ টি থানা। পুলিশ সুপার জানিয়েছেন ২৩ টি থানাতেই রয়েছে বিশেষ মহিলা হেল্প ডেস্ক। পুলিশ সুপার আরও বলেন যে, মহিলারা এই হেল্প ডেস্কের সুবিধা নিয়ে সরাসরি যাতে ফিডব্যাক জানায়। যদিও পুরো সিস্টেমে এখনও অনেক কাজ বাকি আছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। ভবিষ্যতে কী হবে তাতে চোখ থাকবে সকলের।
জেলার নতুন পুলিশ সুপার সতীশ পশুমার্থী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষা নয়, সমাজের অর্ধেক অংশ অর্থাৎ নারীদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন বাঁকুড়া পুলিশের অন্যতম প্রধান অগ্রাধিকার। তাঁর বক্তব্য, মহিলারা যাতে কোনও ধরনের হয়রানি, অত্যাচার বা সমস্যার সম্মুখীন হলে নির্ভয়ে পুলিশের দ্বারস্থ হতে পারেন, সেই পরিবেশ তৈরি করাই লক্ষ্য। এজন্য থানাভিত্তিক মহিলা হেল্প ডেস্ককে আরও কার্যকর ও মানুষের কাছে সহজলভ্য করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
Kolkata,West Bengal



Post Comment