সব্যসাচী দত্তের বান্ধবীর বাড়িতে কীভাবে এল এই বিপুল পরিমাণ সোনা? পেশায় প্রাইমারি টিচার, কে এই টিনা
Last Updated:
তৃণমূল জমানায় দুর্নীতির খনি। রাজ্যে পালাবদল হতেই তৃণমূল নেতাদের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ। তালিকায় নয়া নাম সব্যসাচী দত্ত এবং তাঁর বান্ধবী টিনার।
কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের পর সব্যসাচী দত্ত। ফের তৃণমূলের প্রভাবশালী নেতার বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকার সম্পত্তি। পার্থর বান্ধবী অর্পিতার বাড়ি থেকে মিলেছিল ৫০ কোটি টাকা। সব্যসাচীর বান্ধবীর বাড়ি থেকে মিলল ৪ কোটি টাকার সোনা। সব্যসাচী ব্যাঙ্ক লকার থেকেও ৩ কেজি সোনা উদ্ধার হয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এপ্রসঙ্গে বলেন, ‘‘বিধাননগরে আপনাদের বড় নেতা, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো ওনারও বান্ধবীর বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। মাননীয় বিরোধী দলনেতা আগে ঠিক করুন কার পক্ষে বলবেন আর কার বিরুদ্ধে বলবেন। সব সোনা ২০২১ সালের পরে কেনা। রশিদ পাওয়া গিয়েছে ৷’’
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা। সোনার গয়না। এবার রাজ্যের আরেক প্রভাবশালী তৃণমূল নেতার বান্ধবীর বাড়ি থেকে মিলল ৪ কোটি টাকার সোনা। সব্যসাচী দত্ত। বিধাননগরের প্রাক্তন মেয়র। তৃণমূল আমলের প্রভাবশালী নেতা। তোলাবাজি এবং হুমকি, এই দুইয়েই নাকি পারদর্শী সব্যসাচী। জোড়া অভিযোগে ৮ জুন তাঁকে গ্রেফতার করা হয়। তাঁকে জেরা করে কেজি কেজি সোনা পেয়েছেন তদন্তকারীরা।
কয়েকদিন আগে সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে হানা দেয় পুলিশ ৷ মেলে ৮৭ গ্রাম সোনা এবং প্রায় ৫০ কেজি সোনা কেনার রসিদ ৷ ব্যাঙ্ক লেনদেনের একাধিক তথ্য ফাঁস হয় ৷ এদিন সব্যসাচী দত্তের ব্যাঙ্কের লকার থেকে ৩ কেজি সোনা বাজেয়াপ্ত হয়। যার বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা ৷ আরেকটি লকারে মিলেছে ১ কিলো ৩০০ গ্রাম রুপো। যার বাজার মূল্য সাড়ে ৩ লাখ ৷
সব্যসাচীর সূত্র ধরেই তাঁর বান্ধবী টিনা ভৌমিক সাহার কাছে পুলিশ। নদিয়ার তেহট্টে টিনার দু’টি বাড়ি। দু’টি বাড়িতেই সোমবার মাঝরাতে হানা দেয় পুলিশ। দুই বাড়ি থেকে মিলেছে ৩ কেজি সোনা ৷ যার বাজার দর ৪ কোটি টাকা ৷ প্রতিবেশীরাও বলছেন, কোথা থেকে এত সোনা এল, তার তদন্ত হওয়া দরকার ৷
সব্যসাচী দত্তের বান্ধবী টিনা ভৌমিক সাহা বলেন, ‘‘পরিবারের ৭ মহিলা সদস্যের সোনা এক জায়গায় করে সিজার করেছেন। আইনত তথ্য প্রমাণ আছে। ট্যাক্স ফাইলে তোলা আছে। সংবিধান মেনে সোনা রেখেছি। ওনারা কীভাবে বলতে পারেন। রাত আড়াইটে-তিনটে নাগাদ এসব করেছেন ওনারা ৷’’
টিনা ভৌমিক সাহা। শুধু তৃণমূল নেতা সব্যসাচী দত্তের বান্ধবী নন। টিনা নিজেও তৃণমূলের দাপুটে নেতা। ২০১৮ থেকে নদিয়া জেলা পরিষদে তৃণমূলের সদস্য ৷ স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষক ৷ এই চাকরি পাওয়াকে ঘিরেও অভিযোগ রয়েছে।
Kolkata,West Bengal




Post Comment