West Bengal Diwas: রাধাভবনে ‘চাঁদের হাট’, পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে বাঁকুড়ায় উপচে পড়ল ভিড়! বাংলার সংস্কৃতি, ঐতিহ্য রক্ষায় বিশাল আয়োজন
Last Updated:
West Bengal Diwas: বাঁকুড়া শহরে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অংশ নেন। বাংলার ইতিহাস, ভাষা ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরা ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। অতিথিদের উপস্থিতিতে রাজ্যের ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে সেই চেতনা ছড়িয়ে দেওয়ার বার্তা দেওয়া হয়।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: শনিবার বিকেল চারটে নাগাদ বাঁকুড়া শহরের নূতনগঞ্জ এলাকার রাধাভবনে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ দিবস উদযাপন অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ দিবস উদযাপন সমিতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ উপস্থিত হন। রাজ্যের ইতিহাস, সংস্কৃতি এবং বাংলা ভাষার ঐতিহ্যকে সামনে রেখেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার নবনিযুক্ত পুলিশ সুপার। পাশাপাশি উপস্থিত ছিলেন বাঁকুড়া লোকসভার প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় প্রাক্তন প্রতিমন্ত্রী ডঃ সুভাষ সরকার। অতিথিরা পশ্চিমবঙ্গের ঐতিহাসিক গুরুত্ব, বাংলা সংস্কৃতির স্বকীয়তা এবং আগামী প্রজন্মের কাছে সেই ঐতিহ্য তুলে ধরার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন ও বন্দনা সংগীতের মাধ্যমে সূচনা হয়। পরে পশ্চিমবঙ্গের জন্ম ইতিহাস, স্বাধীনতার প্রেক্ষাপটে বাংলার ভূমিকা এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার বার্তা তুলে ধরা হয়। উপস্থিত অতিথিরা বলেন, বাংলার নিজস্ব সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যকে সম্মান জানিয়ে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা বহন করে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরই এই দিনটি আরও বৃহৎ পরিসরে পালনের পরিকল্পনা রয়েছে। শনিবারের এই অনুষ্ঠানে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আয়োজকরা সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন সাংস্কৃতিক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
Bankura,Bankura,West Bengal
Post Comment