West Bengal Budget 2026: রাজ্য বাজেটে কর নিয়ে বড় প্রস্তাব !
Last Updated:
West Bengal Budget 2026: পশ্চিমবঙ্গ বাজেট ২০২৬-এ করদাতাদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। বেতনভোগী কর্মচারী, স্বনিযুক্ত ব্যক্তি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের আর্থিক স্বস্তি বাড়াবে বলে মনে করা হচ্ছে।
কলকাতা: পশ্চিমবঙ্গ বাজেট ২০২৬-এ করদাতাদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব ঘোষণা করেছে রাজ্য সরকার। বাজেট বক্তৃতায় জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে অপরিবর্তিত থাকা রাজ্যের কর আইনের কাঠামোকে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং করদাতাদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে বড়সড় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের দাবি, এই পদক্ষেপের ফলে বেতনভোগী কর্মচারী, স্ব-নিযুক্ত ব্যক্তি এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা সরাসরি উপকৃত হবেন।
এই সংস্কার উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন শ্রেণির করদাতাদের করমুক্তির সীমা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয়েছে । সেই অনুযায়ী, বেতনভোগী ব্যক্তিদের করমুক্তির ক্ষেত্রে মাসিক আয়ের সীমা ১০,০০০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
একইভাবে, স্ব-নিযুক্ত ব্যক্তিদের করমুক্তির ক্ষেত্রে বার্ষিক আয়ের সীমা ৬০,০০০ টাকা থেকে বাড়িয়ে ২.৫ লক্ষ টাকা এবং ব্যবসায়ী ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে বার্ষিক Gross Receipt বা টার্নওভারের সীমা ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা । সরকারের মতে, এই সিদ্ধান্ত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা করবে এবং রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করে তুলবে।
রাজ্য সরকারের বক্তব্য, কর কাঠামোর এই সরলীকরণ এবং করমুক্ত সীমা বৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষদের পাশাপাশি স্বাধীন পেশায় যুক্ত ব্যক্তিদেরও আর্থিক স্বস্তি দেবে। বিশেষ করে ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র উদ্যোগ, যাদের রাজ্যের স্থানীয় অর্থনীতির মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয়, তারা এই সিদ্ধান্তের ফলে বেশি উপকৃত হবেন।
নতুন সরকারের প্রথম বাজেটে ঘোষিত এই কর সংস্কারকে সাধারণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ও জনমুখী পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
Kolkata,West Bengal

Post Comment