বাজেটে বড় চমক! নতুন পাঁচ জেলা পাচ্ছে রাজ্য, ঘোষণা বিজেপি সরকারের
Kolkata
-Ritesh Ghosh
পশ্চিমবঙ্গের প্রশাসনিক ও অর্থনৈতিক মানচিত্রে বড়সড় বদল আনতে চলেছে নতুন বাজেট প্রস্তাব। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ২০২৬-২৭ অর্থবর্ষের যে বাজেট পেশ করেছেন, তাতে একাধিক বড় ঘোষণার পাশাপাশি প্রশাসনিক সংস্কারের কথা বলা হয়েছে।
এই বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে রয়েছে পাঁচটি নতুন জেলা গঠন এবং শিলিগুড়ি ও আসানসোল-দুর্গাপুরের মতো বড় বড় শহরে মেট্রো পরিষেবা চালুর প্রস্তাব। একইসঙ্গে শিক্ষিত বেকার যুবকদের স্বনির্ভর করতে নতুন ভাতা প্রকল্প ‘ভরসা কর্মসূচি’ চালুর পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির মতো অত্যন্ত প্রতীক্ষিত ঘোষণা করা হয়েছে এই বাজেটে।

বাজেটে এদিন রাজ্যে পাঁচটি নতুন জেলা তৈরির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত নতুন জেলাগুলির তালিকায় রয়েছে কলকাতা, বসিরহাট, জঙ্গিপুর, আরামবাগ এবং সুন্দরবন। প্রশাসন সূত্রের খবর, এই নতুন জেলাগুলি গঠিত হলে জেলাস্তরের প্রশাসনিক কাজ আরও দ্রুততার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হবে এবং স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা দ্রুত পাবেন।
এর পাশাপাশি দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা এককালীন অনেকটা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এই যুগান্তকারী পদক্ষেপের ফলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী, সরকারি সাহায্যপ্রাপ্ত আধা-সরকারি প্রতিষ্ঠানের কর্মী এবং বিদ্যালয় ও কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের মোট মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে ৩৮ শতাংশ।
একইসঙ্গে চুক্তিভিত্তিক কর্মী থেকে সরকারি পদে নিয়োগ, প্রশাসনকে মজবুত করা, সিন্ডিকেট-তোলাবাজি বন্ধ করা, শিল্প-ব্যবসার উপযোগী পরিবেশ তৈরি. সড়ক-বিমান বন্দর, সমুদ্র বন্দর তৈরির মাধ্যমে, রাস্তা তৈরির মাধ্যমে রাজ্যে উপযুক্ত পরিবেশ তৈরির কথা বাজেটে বলা হয়েছে।



Post Comment