West Bengal Assembly Elections 2026: সভা করার অনুমতিই পেলেন না রাহুল গান্ধি! শ্রীরামপুরে বাতিল সভা, প্রদেশ কংগ্রেস সভাপতির কেন্দ্রেই ‘না’

West Bengal Assembly Elections 2026: সভা করার অনুমতিই পেলেন না রাহুল গান্ধি! শ্রীরামপুরে বাতিল সভা, প্রদেশ কংগ্রেস সভাপতির কেন্দ্রেই ‘না’

Last Updated:

আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের বিভিন্ন জেলায় জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। এই আবহেই শ্রীরামপুরে নির্ধারিত একটি গুরুত্বপূর্ণ জনসভা বাতিল হওয়াকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াল।

শ্রীরামপুরে বাতিল রাহুলের সভা
শ্রীরামপুরে বাতিল রাহুলের সভা

হুগলি, বনোয়ারীলাল চৌধুরী: আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের বিভিন্ন জেলায় জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। এই আবহেই শ্রীরামপুরে নির্ধারিত একটি গুরুত্বপূর্ণ জনসভা বাতিল হওয়াকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াল। কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধি-র উপস্থিতিতে এই সভা হওয়ার কথা থাকলেও, প্রশাসনিক অনুমতি না মেলার অভিযোগ তুলে শেষমুহূর্তে তা বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে দলীয় সূত্রে।

জানা গিয়েছে, শ্রীরামপুর স্টেডিয়াম মাঠে কংগ্রেস প্রার্থী শুভঙ্কর সরকার-এর সমর্থনে ২৩ এপ্রিল সভা করার পরিকল্পনা ছিল। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল রাহুল গান্ধীর। তবে হঠাৎ করেই সেই কর্মসূচি বাতিলের খবর সামনে আসতেই কংগ্রেস শিবিরে ক্ষোভের সঞ্চার হয়েছে। শুধু শ্রীরামপুরের সভাই নয়, একইসঙ্গে আগামীকালের কলকাতায় নির্ধারিত রাহুল গান্ধীর অন্যান্য কর্মসূচিও বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। ফলে নির্বাচনী প্রচারের গুরুত্বপূর্ণ এক দিনের সূচি একপ্রকার ভেস্তে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এই প্রসঙ্গে শ্রীরামপুরে প্রচারে বেরিয়ে কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “রাহুল গান্ধিকে এভাবে আটকানো যাবে না। কংগ্রেসকে ভয় পাচ্ছে বলেই এই ধরনের বাধা তৈরি করা হচ্ছে।”

তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবেই প্রশাসনিক অনুমতি দেওয়া হয়নি, যাতে কংগ্রেসের প্রচার ব্যাহত হয়।যদিও প্রশাসনের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, বড় মাপের জনসভা আয়োজনের ক্ষেত্রে নিরাপত্তা, ট্রাফিক ও অন্যান্য প্রশাসনিক বিষয় বিবেচনা করেই অনুমতি দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।এদিকে, সভা বাতিল হলেও প্রচারে কোনও খামতি রাখতে নারাজ কংগ্রেস নেতৃত্ব।

শুভঙ্কর সরকার এদিন তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং বাম সমর্থকদের কাছেও কংগ্রেসকে সমর্থন করার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কংগ্রেসই বিকল্প শক্তি হিসেবে উঠে আসতে পারে এবং সেই কারণেই সব স্তরের ভোটারদের কাছে পৌঁছনোর চেষ্টা চালানো হচ্ছে।এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। কংগ্রেস যেখানে এটিকে ‘রাজনৈতিক বাধা’ বলে দাবি করছে, সেখানে শাসক ও অন্যান্য দল এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও বিষয়টি নিয়ে চাপানউতোর বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।সব মিলিয়ে, ভোটের মুখে রাহুল গান্ধীর সভা বাতিল হওয়া শুধু একটি কর্মসূচির পরিবর্তন নয়, বরং তা রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Previous post

ভোটে ভূমিকা থাকছে না সিভিক ভলান্টিয়ার, ভিলেজ ও গ্রিন পুলিশের; শুধু সাদা পোশাকে ভোট দিতে পারবে

Next post

West Bengal Assembly Elections 2026: বিজেপির ‘টার্গেট’ ২০০ পার! নিশানায় IPAC, বর্ধমানের রোড শো-এ মেজাজে ‘মামা’ বিশ্বশর্মা

Post Comment

You May Have Missed