Toto Restriction: যানজট রুখতে ‘লক্ষণরেখা’ টেনে দিল পুলিশ, সকাল ১০টা বাজলেই টোটোর ‘নো এন্ট্রি’! কোন কোন রাস্তায় বিধিনিষেধ, জেনে নিন
Last Updated:
Toto Restriction: দীর্ঘদিন ধরেই অতিরিক্ত টোটোর দাপটে সাধারণ মানুষ নাজেহাল হয়ে উঠেছিলেন। তাই সেই টোটো নিয়ন্ত্রণের দাবি উঠছিল দীর্ঘদিন ধরেই। সাধারণ মানুষের ভোগান্তি রুখতেই প্রশাসনের তরফ থেকে এই পদক্ষেপ করা হয়েছে। ব্যস্ত সময়ে ৪ ঘন্টা শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে টোটো চলাচল বন্ধ থাকবে। তার জন্য একগুচ্ছ পকেট রুটে বসানো হয়েছে ব্যারিকেড।
এখন থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত, এই ব্যস্ত ৪ ঘণ্টা শহরের মূল রাস্তাগুলিতে টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, দিনহাটার সবচেয়ে ভিড়প্রবণ ৫টি মোড়ে প্রাথমিকভাবে এই পদক্ষেপ কার্যকর করা হবে। অর্থাৎ শীতলাবাড়ি মোড়, পাওয়ার হাউস মোড়, হরীতকীতলা মোড়, বিদ্রোহী মোড় এবং কলেজ মোড় এলাকায় থাকবে বিধিনিষেধ।
নিয়ম ভাঙার কোনও ফাঁক যাতে না থাকে, তার জন্য প্রতিটি ব্যারিকেডে মোতায়েন করা হয়েছে সিভিক ভলান্টিয়ারদের। সকাল ১০টা বাজলেই ব্যারিকেড টেনে টোটোর চাকা আটকে দিচ্ছেন তাঁরা। ট্রাফিক দফতরের মতে, স্কুল-কলেজ ও অফিসের এই ব্যস্ত সময়ে শহরের ট্রাফিক সচল রাখতে এই কড়া দাওয়াই ছাড়া আর কোনও উপায় ছিল না।
আসলে, বিগত কয়েক বছরে দিনহাটা শহরে টোটোর সংখ্যা বাড়তে থাকায় প্রধান রাস্তা থেকে শুরু করে অলিগলি, সব জায়গাতেই যানজট লেগে থাকত। রাস্তা পার হওয়া দায় হয়ে উঠেছিল শহরবাসীর। তারপর প্রশাসনের এই কড়া অবস্থানকে সাধুবাদ জানাচ্ছেন সবাই। টোটোগুলির জন্য একটা নির্দিষ্ট রুট ম্যাপ তৈরি করা উচিত বলে মনে করছেন অনেকে। তাদের মতে সেটা করলে এই পদক্ষেপ আরও বেশি সুফল দেবে।
Dinhata,Koch Bihar,West Bengal




Post Comment