TMC Former MLA Arrest: ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হল না! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহরায়

TMC Former MLA  Arrest: ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হল না! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহরায়

Last Updated:

গত বেশ কিছু দিন ধরেই তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ককে খুঁজছিল পুলিশ৷ গ্রেফতারির পর তাঁকে হুগলির ধনেখালিতে নিয়ে আসা হচ্ছে৷

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক৷
গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক৷

রানা কর্মকার, তারকেশ্বর: কর্ণাটক থেকে গ্রেফতার করা হল হুগলির তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহরায়৷ তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সরকারি ত্রাণ সামগ্রী চুরি করা, হুমকি, তোলাবাজির মতো একাধিক অভিযোগ দায়ের হয়েছিল৷ তার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক৷ শেষ পর্যন্ত কর্ণাটক থেকে তাঁকে গ্রেফতার করা হয়৷

গত ১১ জুন হুগলির ধনেখালিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহরায় নিজের বিএড কলেজ থেকে বিপুল পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছিল৷ নিজের বাড়ির পাশেই এই বিএড কলেজ তৈরি করেছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক৷ এ ছাডা়ও তাঁর বিরুদ্ধে হুমকি তোলাবাজির মতো অভিযোগ দায়ের হয়৷ এর পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক৷

২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন সিংহরায়৷ যদিও এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি-র সন্তু পানের কাছে পরাজিত হন তিনি৷ বিজেপি প্রার্থীর ভোট প্রচারেও হামলা চালানোর অভিযোগ উঠেছিল রামেন্দু সিংহরায়ের বিরুদ্ধে৷ প্রাক্তন বিধায়কের কলেজ থেকে সরকারি ত্রাণে ত্রিপল থেকে শুরু করে সরকারি প্রকল্পের খেলার বলও উদ্ধার করা হয়৷ সূত্রের খবর প্রাক্তন বিধায়কের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই কর্ণাটক থেকে তাঁকে গ্রেফতার করে ধনেখালি থানার পুলিশ৷

গত বুধবার ওড়িশার পুরী থেকে গ্রেফতার করা হয়েছিল কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে৷ তাঁর বিরুদ্ধেও কসবা এলাকায় কয়েক কোটি টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে৷ এর পাশাপাশি তৃণমূলের একাধিক মন্ত্রীও ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন৷ গত বুধবার গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ৷ গ্রেফতার করা হয়েছে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু, দিলীপ মণ্ডলকে৷ তৃণমূলের আর এক প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসও গ্রেফতার হয়েছেন৷ তাঁর বিরুদ্ধেও সরকারি ত্রাণ সামগ্রী চুরির অভিযোগ উঠেছিল৷ এ ছাড়াও তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তও৷

Post Comment

You May Have Missed