Suvendu Adhikari: ‘মায়ের নামে একটি গাছ’, ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর
Last Updated:
Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ক্ষমতায় আসার প্রথম ৪৫ দিনের মধ্যেই বিএসএফ-কে ৬০০ একর জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ রাজ্যের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
কলকাতা: আগামী ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে ৫ জুন ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন রাজ্যের সমস্ত ব্লক এবং পুর এলাকায় বৃক্ষরোপণ এবং ফলের গাছ বিতরণ করা হবে বলে জানা গিয়েছে। অরণ্য ও পরিবেশ দফতর এই কর্মসূচির দেখভাল করবে। এলাকার বিধায়ক ও জনপ্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশ নেবেন।
এছাড়াও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ১২ বছর সম্পূর্ণ হওয়া উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের নেওয়া নানান সেবামূলক কর্মসূচির সঙ্গে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারও যে একসাথে সেবামূলক কাজে অংশ নেবে সে কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন বিশ্ব যোগ দিবসও পালন করবে নতুন সরকার৷ জানান শুভেন্দু অধিকারী।
বুধবার, নবান্ন থেকে ‘অন্নপূর্ণা যোজনা’র ফর্ম আনুষ্ঠানিক ভাবে প্রকাশ্যে আনেন মুখ্যমন্ত্রী৷ জানান, নির্বাচন পূর্ববর্তী সংকল্প পত্রে যেমনটা বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠনের পরে সেই প্রতিশ্রুতি মতো ১৫০০ এর পরিবর্তে ৩০০০ টাকা করে পাবেন উপযুক্ত মহিলারা৷
তিনি জানান, প্রায় ২ কোটির কাছাকাছি উপভোক্তা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন৷ শুভেন্দু জানান, ‘‘লক্ষ্মীর ভাণ্ডার যোজনার কর্মসূচি ততদিন চালু রাখব, যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ বা এনরোলমেন্ট কমপ্লিট হচ্ছে৷’’
শুভেন্দু অধিকারী জানান, রাজ্যের হোম ডিপার্টমেন্ট এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন, Webel, IT থাকবেন, তার কারণ, সরকার চায় একটি পরিচ্ছন্ন তালিকা হোক। যাঁরা উপযুক্ত, বিজেপির সরকার অন্নপূর্ণা যোজনার মাধ্যমে তাদের ৩০০০ টাকা দিতে চায়৷ এর পাশাপাশি নেওয়া হবে পারিবারিক তথ্যও৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পরিবারের তথ্য চায় তার কারণ আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পরিবারগুলির উন্নতি চায়। ’’
এদিন, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রাজ্যের নারী ও শিশু কল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল ‘অন্নপূর্ণা যোজনা’র সরকারি ওয়েবসাইটের নাম ঘোষণা করেন৷ লেখেন, ‘পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা যোজনা’ (বা অন্নপূর্ণা ভাণ্ডার) চালু করেছে। অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সমস্ত তথ্য এবং এপ্লিকেশন ফর্ম – নিচে দেওয়া ওয়েবসাইটে পেয়ে যাবেন l
https://socialsecurity.wb.gov.in’
বুধবার বিএসএফ-কেও নতুন করে জমি হস্তান্তর করার কথা জানান শুভেন্দু৷ এ নিয়ে মোট হস্তান্তরিত জমির পরিমাণ বেড়ে দাঁড়াল ১৪২.৭৯ একর। এই জমিতে বিএসএফ আউটপোস্ট ও কাঁটাতারের বেড়া নির্মাণের ফলে সীমান্ত এলাকা আরও সুরক্ষিত হবে।




Post Comment