North Dinajpur News: রায়গঞ্জের মাটি থেকে ভিয়েতনাম! আন্তর্জাতিক নৃত্য উৎসবে শহরের খুদে নৃত্যশিল্পী, সমন্বীতার স্বপ্নের উড়ানে গর্বিত সকলে
Last Updated:
North Dinajpur News: বিশ্বমঞ্চে রায়গঞ্জের জয়জয়কার। মাত্র ১০ বছর বয়সে ভিয়েতনামের এক নৃত্য অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন শহরের এক খুদে নৃত্যশিল্পী। শহরে বইছে খুশির হাওয়া।
রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ ছোট্ট বয়সেই তুখোড় প্রতিভা। রায়গঞ্জ থেকে আন্তর্জাতিক নৃত্য উৎসবে ১০ বছরের খুদে নৃত্যশিল্পী সমন্বীতা সাহা। তাঁর এই সাফল্যে পরিবার-পরিজনদের পাশাপাশি শহর জুড়ে বইছে খুশির হাওয়া।
রায়গঞ্জের পশ্চিম বীরনগরের সমন্বীতা রায়গঞ্জ সারদা বিদ্যামন্দিরের ছাত্রী। বর্তমানে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করছে সে। এই বয়সেই বিশেষ স্কলারশিপে ভিয়েতনামে অনুষ্ঠিত হতে চলা একটি নৃত্য উৎসবে অংশগ্রহণ করতে চলেছে এই খুদে নৃত্যশিল্পী।
জানা গিয়েছে, ছোটবেলা থেকেই ধ্রুপদী নৃত্যের প্রতি অগাধ টান সমন্বীতার। ২০২৫ সালে হিমাচল প্রদেশে অনুষ্ঠিত একটি জাতীয় স্তরের ভারতনাট্যম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল রায়গঞ্জের এই কৃতী কন্যা। সেখানে নিজের অসাধারণ পারফরম্যান্সের জন্য একটি বিশেষ স্কলারশিপ পায়। এবার সোজা বিদেশের মাটিতে পা রাখতে চলেছে সে।
ছাত্রীর সাফল্যে অত্যন্ত খুশি সমন্বীতার নৃত্য শিক্ষিকা অস্মিতা অধিকারী। তিনি জানান, উত্তর দিনাজপুরের হয়ে ভিয়েতনামের নৃত্য উৎসবে প্রতিনিধিত্ব করবে সমন্বীতা। আগামী ১০ মে তাঁরা ভিয়েতনামের উদ্দেশে রওনা দেবে বলে জানান তিনি।
সব মিলিয়ে, রায়গঞ্জের মাটি থেকে ভিয়েতনাম অবধি সমন্বীতার এই স্বপ্নের উড়ানে তাঁর পরিবার ও পরিচিতরা অত্যন্ত খুশি। সেই সঙ্গেই শহরেও বইছে খুশির হাওয়া। এত ছোট বয়সে এই নৃত্যশিল্পীর সাফল্যে গর্বিত অনেকে।

Post Comment