Agnimitra Reaction: ‘আপনার জন্মদিন, আপনি নিজের বাড়িতে করুন’, অভিষেকের বিরুদ্ধে অহেতুক উত্তেজনা সৃষ্টির অভিযোগ অগ্নিমিত্রার
Last Updated:
‘আপনার জন্মদিন, আপনি নিজের বাড়িতে করুন’—অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিতর্কে কড়া প্রতিক্রিয়া অগ্নিমিত্রা পালের। অহেতুক উত্তেজনা সৃষ্টির অভিযোগ তুলে কী বললেন বিজেপি নেত্রী?
কলকাতা: নন ইস্যুকে ইস্যু করা হচ্ছে বলে খোঁচা পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। গতকাল মাঝরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে উত্তেজনা প্রসঙ্গে এবার মুখ খুললেন পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অস্তিত্ব সঙ্কটে ভুগছেন বলেও খোঁচা দেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলেছেন এবং নন-ইস্যুকে ইস্যু করতে চাইছেন।”
মানুষকে বিরক্ত করতে নন-ইস্যুকে ইস্যু বানিয়ে এই উত্তেজনা সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই বিষয়ে অগ্নিমিত্রা বলেন, “পুলিশ তদন্ত করুক, স্থানীয় মানুষ বলছে যে আওয়াজ হচ্ছে, গান বাজাচ্ছে। আপনার জন্মদিন, আপনার জন্মদিন আপনি বাড়ির মধ্যে করুন। আপনাকে কে অধিকার দিয়েছে যে সারা পাড়াকে ডিস্টার্ব করে আপনি গান বাজিয়ে আওয়াজ করবেন? পুলিশ তদন্ত করুক কত ডেসিবেলে গান চলছিল।”
মানুষ এইসব রাজনৈতিক দলকে বরখাস্ত করেছে বলেও খোঁচা দেন মন্ত্রী, তিনি বলেন, ” আমাদের সরকার, আপনাদের সরকার কম্প্যারিজন করবেন না। নন-ইস্যুকে ইস্যু করার চেষ্টা করছেন, কারণ আসলে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ এই ধরনের পার্টিগুলোকে বরখাস্ত করেছে।”
প্রসঙ্গত, গতকাল মাঝরাতে হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। জন্মদিনের আগের দিন রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়ির বাইরে তৈরি হয় অশান্ত পরিস্থিতি৷ পুলিশের সঙ্গে বচসাতেও জড়াতে দেখা যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ জানা যায়, জন্মদিনের আগের দিন রাতে অভিষেকের সমর্থকেরা তাঁর বাড়ির নীচে জড়ো হন৷ অভিযোগ, সেই সেলিব্রেশন মাঝ রাস্তা পর্যন্ত চলে আসে৷ সেই সময় দু’পক্ষের বচসা ও হাতাহাতি শুরু হয় বলে অভিযোগ৷ অভিষেকের দাবি, তাঁর অনুগামীদের উপরে হামলা চালিয়েছে বিজেপি সমর্থকেরা৷ যদিও বিজেপি কর্মীদের অভিযোগ, হুল্লোড় করতে করতে অভিষেকের সমর্থকেরা রাস্তায় চলে এসেছিলেন৷ আর তাতেই বাধা দেন উপস্থিত স্থানীয়েরা৷ পরিস্থিতি উত্তপ্ত হতে ঘটনাস্থলে পৌঁছয় কালীঘাট থানার পুলিশ৷ তারপর কালীঘাট থানার ওসির সঙ্গেও তীব্র বচসায় জড়ান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অভিষেকের কাটআউট ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে৷

Post Comment