Money Making Tips: ঘরের কাজ সামলেও পকেটে আসবে মোটা টাকা! মেদিনীপুরের পায়েলের ফর্মুলায় মাসে ১৫ হাজার আয়ের সহজ সুযোগ, জানুন কীভাবে?
Last Updated:
Money Making Tips: চড়া টাকার ফ্যাশন ডিজাইনিং কোর্স করার সামর্থ্য সবার থাকে না। কিন্তু সামান্য পুঁজিতে আধুনিক কাটছাঁটের পোশাক, কুর্তি বা ব্লাউজ তৈরি শিখতে পারলে সংসার সামলেও ভাল টাকা রোজগার করা সম্ভব। মেদিনীপুরের বেলদার নারীরা আজ সেই পথেই দেখছেন অর্থনৈতিক স্বাধীনতার আলো।
পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: সংসার সামলে গ্রামীণ নারীদের স্বনির্ভর করে তোলার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার বাসিন্দা পায়েল শ্যামল। নিজের অভিজ্ঞতাকে পুঁজি করে তিনি এলাকার বহু মহিলা ও গৃহবধূদের হাতে-কলমে শিখিয়ে দিচ্ছেন টেলারিং ও ফ্যাশন ডিজাইনের নানা খুঁটিনাটি। তাঁর এই উদ্যোগের ফলে গ্রামের নারীরা এখন কেবল গৃহস্থালির কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকছেন না, বরং অর্থনৈতিকভাবেও শক্তিশালী হয়ে উঠছেন।
বর্তমান সময়ে ফ্যাশন ডিজাইনিং বা ফ্যাশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে গেলে মোটা অঙ্কের অর্থের প্রয়োজন হয়, যা সাধারণ পরিবারের পক্ষে বহন করা কষ্টসাধ্য। পায়েল সেই পথে না হেঁটে অত্যন্ত সামান্য খরচে গ্রামীণ মহিলাদের আধুনিক পোশাক তৈরির প্রশিক্ষণ দিচ্ছেন। তাঁর কাছে প্রশিক্ষণ নিয়ে মহিলারা এখন ব্লাউজ, কুর্তি থেকে শুরু করে ছোটদের বিভিন্ন ফ্যাশনেবল পোশাক অনায়াসেই তৈরি করতে পারছেন। সেলাইয়ের এই দক্ষতা অর্জন করার পর থেকে অনেক মহিলা বাড়িতে বসেই বিভিন্ন অর্ডারের পোশাক তৈরি করছেন। সব মিলিয়ে প্রতি মাসে তাঁদের উপার্জনের পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ১৫ হাজার টাকা পর্যন্ত।
এই উদ্যোগে উপকৃত গৃহবধূদের কণ্ঠেও ফুটে উঠেছে আত্মবিশ্বাসের সুর। আগে যাঁরা চার দেওয়ালের গণ্ডিতে আবদ্ধ ছিলেন, এখন তাঁরা উপার্জনের মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করছেন। গ্রামীণ অর্থনীতিতে এই ধরনের উদ্যোগ শুধু আয়ের পথই প্রশস্ত করছে না, বরং সামাজিক পরিবর্তনেরও এক নতুন বার্তা দিচ্ছে। পায়েল শ্যামলের এই নিরলস প্রচেষ্টা বেলদা ও তার পার্শ্ববর্তী এলাকার মহিলাদের কাছে এক আশার আলো হয়ে উঠেছে। তাঁর এই কাজ প্রমাণ করে দিয়েছে যে, ইচ্ছা থাকলে প্রতিকূলতাকে জয় করে নিজের ভাগ্য নিজেই গড়ে তোলা সম্ভব।
Paschim Medinipur,West Bengal
Money Making Tips: ঘরের কাজ সামলেও পকেটে আসবে মোটা টাকা! মেদিনীপুরের পায়েলের ফর্মুলায় মাসে ১৫ হাজার আয়ের সহজ সুযোগ, জানুন কীভাবে?



Post Comment