Lansdowne Hall: ১৩৪ বছর পুরনো হেরিটেজ ভবনের বেহাল দশা! গাছ ও শ্যাওলায় ঢাকছে বাইরের অংশ, ঐতিহ্যবাহী ল্যান্সডাউন হলে অবহেলার ছাপ স্পষ্ট
Last Updated:
Cooch Behar Lansdowne Hall: চলতি বছর এই হেরিটেজ ভবনের ১৩৪ বছর পূর্ণ হয়েছে। কোচবিহারের ঐতিহ্যবাহী সেই ল্যান্সডাউন হল আজ অবহেলার জেরে ধুঁকছে।
কোচবিহারঃ কোচবিহারের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ ল্যান্সডাউন হল। ১৩৪ বছর পুরনো এই হেরিটেজ ভবন অনেক ঘাত-প্রতিঘাতের সাক্ষী। তবে আজ সেই ভবনই অবহেলার জেরে ধুঁকছে। হলের বাইরের অংশ গাছ ও শ্যাওলায় ঢাকছে। পিছনের দিকের অবস্থা রীতিমতো শোচনীয়।
ল্যান্সডাউন হল একটি হেরিটেজ ভবন হওয়ার পাশাপাশি জেলাশাসকের দফতরও। সাগরদিঘি স্কোয়ারের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত এই হলের প্রেক্ষাগৃহে অধিকাংশ সরকারি অনুষ্ঠান হয়। আগে সাধারণ মানুষদের ভাড়া দেওয়া হলেও এখানে এখন শুধুমাত্র সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত বছর ল্যান্সডাউন হলের ভিতরে আমূল সংস্কার হয়েছে। তবে ভবনের বাইরের দিকে অবহেলার ছাপ স্পষ্ট। বিশেষত পিছনের দিকের হাল কার্যত বেহাল। দোতলার প্রত্যেকটি জানলায় গাছ হয়েছে। পাইপ থেকে জল চুইয়ে পড়ে দেওয়ালে শ্যাওলা ধরেছে। নীচে আবার ভর্তি জঙ্গল। দীর্ঘসময় কোনও সংস্কার না হওয়ায় এই অবস্থা।
এই বিষয়ে হেরিটেজ কমিটির সদস্য অরূপজ্যোতি মজুমদার জানান, ল্যান্সডাউন ভবনের দেওয়াল থেকে গাছগুলিকে বিজ্ঞানসম্মতভাবে নির্মূল না করায় শিকড় থেকে গিয়েছে। সেগুলি নষ্ট করতে কোনও প্রকার কেমিক্যাল ট্রিটমেন্ট না করায় কিছুসময় পরপরই ফের গাছ গজাচ্ছে। হেরিটেজের নিয়ম মেনে যদি সংস্কার না হয়, তাহলে এই সমস্যা চলতেই থাকবে।
প্রসঙ্গত, কোচবিহারের বুকে একাধিক ঐতিহ্যবাহী স্থাপত্য রয়েছে। এর মধ্যে অন্যতম শতাব্দী প্রাচীন ল্যান্সডাউন হল। তবে আজ সেই ভবনই কার্যত অবহেলায় ধুঁকছে। সামনের দিকের অবস্থা তবু কিছুটা ঠিক থাকলেও পিছনের অবস্থা রীতিমতো শোচনীয়। গাছ-শ্যাওলায় ভরে গিয়েছে সেই অংশ।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
Lansdowne Hall: ১৩৪ বছর পুরনো হেরিটেজ ভবনের বেহাল দশা! গাছ ও শ্যাওলায় ঢাকছে বাইরের অংশ, ঐতিহ্যবাহী ল্যান্সডাউন হলে অবহেলার ছাপ স্পষ্ট




Post Comment