Kakoli Ghosh Dastidar: ‘কেমন আছো?’ বিজেপি নেত্রীর পোস্টে লিখলেন তৃণমূল সাংসদ কাকলি! দলের পদ ছাড়ার পর আরও বাডা়লেন জল্পনা
Last Updated:
তৃণমূল নেতৃত্বকে পাঠানো ইস্তফাপত্রে কাকলি অবশ্য দাবি করেছেন, তিনি দল ছাড়ছেন না৷ দলের সৈনিক হিসেবেই তিনি থাকবেন বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ৷
তৃণমূলের দলীয় পদ থেকে কাকলি ঘোষ দস্তিদারের ইস্তফার কথা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন বিজেপি নেত্রী৷ সেই পোস্টেরই জবাব দিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷ বিজেপি নেত্রীর উদ্দেশে তৃণমূল সাংসদ লিখলেন, ‘কেমন আছো?’
গত রবিবার তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার৷ সেই ইস্তফা গ্রহণও করে নেয় তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷ তার পর আজ, তৃণমূলের সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার৷
এ দিন এক্স হ্যান্ডেলে কাকলির ইস্তফার খবরই জানান বিজেপি নেত্রী কেয়া ঘোষ৷ একই সঙ্গে কলকাতা পুরসভায় বরো চেয়ারম্যান এবং অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে তৃণমূলের দুই কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং অরূপ চক্রবর্তীর ইস্তফার কথাও উল্লেখ করেন তিনি৷

দলের মৌখিক নিষেধ উপেক্ষা করে গতকাল কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দেন কাকলি৷ পরে মুখ্যমন্ত্রী জানান, কাকলি ঘোষ দস্তিদার তাঁকে বলেছেন, ‘এতদিনে স্বাধীনতা পেলাম৷’ সেই বৈঠকে যোগ দেওয়ার পরের দিনই দলের সব পদ ছাড়লেন কাকলি৷
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের দায়িত্ব দেওয়া হয় কাকলি ঘোষ দস্তিদারকে৷ কিন্তু বিধানসভা ভোটে দলের বিপর্যয়ের পরই কাকলিকে সরিয়ে দিয়ে ফের কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পুরনো দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়৷ তার পর থেকেই তৃণমূলের সঙ্গে কাকলির সংঘাত বাড়তে থাকে৷
গত রবিবার অবশ্য জেলা সভাপতির পদ ছাড়তে গিয়ে কাকলি ঘোষ দস্তিদার দাবি করেন, বিধানসভা নির্বাচনে তাঁর এলাকায় খারাপ ফলের নৈতিক দায়িত্ব ঘাড়ে নিয়েই পদ ছাড়ছেন তিনি৷ আইপ্যাক-এর ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ৷ দলের পরামর্শদাতা সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কাকলি৷
Kolkata,West Bengal




Post Comment