IMD Orange Alert: বঙ্গোপসাগরে আবার ঘনীভূত হচ্ছে ‘অশুভ’ মেঘ, মাইকিং করে কমলা সতর্কতা জারি! মৎস্যজীবীদের কী বলা হল, জানুন
Last Updated:
IMD Orange Alert: নিম্নচাপের ধাক্কায় উপকূলজুড়ে কমলা সতর্কতা! নামখানায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। ফের বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। নদীপথ ও উপকূলে মাইকিং করে মৎস্যজীবীদের ডাঙায় ফেরার নির্দেশ নামখানায়। ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়ে সতর্কতা আবহাওয়া দফতরের।
নামখানা, নবাব মল্লিক: উপকূলে ব্যাপক দুর্যোগের আশঙ্কা। ফলে মাইকপ্রচার করে সতর্ক করা হচ্ছে মৎস্যজীবীদের। কারণ আশঙ্কা সত্যি করে ফের চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপ। ইতিমধ্যে উপকূলবাসীকে সতর্ক করা হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণ ২৪ পরগনা উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণ ২৪ পরগনা নয়, উপকূল সংলগ্ন জেলাগুলির জন্য সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুধু আগামীকালই নয়, পরশুদিনও থাকছে বৃষ্টির আশঙ্কা। ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই সময় প্রায় প্রতিদিনই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে নদীপথে মাইকিং করে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে, সেজন্য মৎস্যজীবীরা যাতে গভীর সমুদ্রে মাছ ধরতে না যায় সেটি দেখতে হবে। তাছাড়া যে সব মৎস্যজীবী মাছ ধরার জন্য এখনও পর্যন্ত গভীর সমুদ্রে রয়েছেন, তাঁদের সতর্ক থাকতে বলা হয়েছে।
Post Comment