East Bardhaman News: মেমারিতে কালবৈশাখীর চরম বিপর্যয়! ঘরের উপর ভেঙে পড়ল ২০০ বছরের পুরনো অশ্বত্থ গাছ, মৃত ১
Last Updated:
East Bardhaman News: মাত্র দু’দিন আগেই কেরালা থেকে মেমারির বাড়িতে ফিরেছিলেন পরিযায়ী শ্রমিক কমল কুমার গুপ্ত (৪০)। শুক্রবার সন্ধ্যায় আচমকা ধেয়ে আসা কালবৈশাখী ঝড়ের সময় অ্যাসবেস্টসের ছাউনি ঠিক করতে গিয়ে ঘটে চরম অনভিপ্রেত ঘটনা। ঘরের পাশে থাকা প্রায় ২০০ বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ গাছ ভেঙে পড়ায় তার নিচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয় তাঁর।
মেমারি, সায়নী সরকার: দু’দিন আগেই এসেছিলেন বাড়ি কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে আর কাজে ফেরা হল না তাঁর। আচমকা ধেয়ে আসা কালবৈশাখী ঝড়ে প্রায় ২০০ বছরের পুরনো এক বিশাল গাছ ভেঙে বাড়ির উপর পড়ায় প্রাণ হারালেন এক ব্যক্তি। মৃতের নাম কমল কুমার গুপ্ত (৪০)।মেমারী থানার রেল কলোনী সংলগ্ন এলাকার ঘটনা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেমারির বাসিন্দা কুমার গুপ্তের পরিবার বলতে দাদা, ভাই ও ভাইপোরা। তিনি পেশায় পরিযায়ী শ্রমিক, কেরালায় লেবাবের কাজ করতেন। দু’দিন আগেই বাড়ি ফিরছিলেন। শুক্রবার সন্ধ্যা নাগাদ কালবৈশাখীর ঝড়ে সময় বাড়িতেই ছিলেন, ঘরের ছাউনি ঠিক করেছিলেন। ঠিক সেই সময়ই ঘটে এক চরম বিপর্যয়। ঝড়ের দাপটে হঠাৎই অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া কমল কুমার গুপ্তর বাড়ির উপর তার ঘরের পাশে থাকা প্রায় ২০০ বছরের পুরনো একটি অশ্বত্থ গাছ ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই ঘরটি দুমড়ে-মুচড়ে যায় এবং ছাউনিতে কাজ করতে থাকা কমল কুমার গুপ্ত তার নিচে চাপা পড়ে মারাত্মকভাবে জখম হন।
গাছ ভেঙে পড়ার বিকট শব্দ শুনে এবং চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।তড়িঘড়ি স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মেমারী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। আজ শনিবার দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যালে পাঠায় মেমারী থানার পুলিশ। মাত্র দু’দিন আগে ঘরে ফেরা মানুষটিকে এভাবে হঠাৎ হারিয়ে স্তব্ধ হয়ে গেছে পুরো পরিবার। এই মর্মান্তিক ঘটনায় গোটা মেমারি রেল কলোনী এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal




Post Comment