Calcutta High Court on illegal construction: ‘বেআইনি নির্মাণ ভাঙা হবেই, কিনলে মিলবে না আইনি সুরক্ষা’, জানিয়ে দিল হাইকোর্ট
Last Updated:
অবৈধ জমিতে ফ্ল্যাট কিনলে, বা অবৈধ ভাবে নির্মাণ করা ফ্ল্যাট কিনলে আইনি সুরক্ষা দাবি করতে পারবেন না, এমনটাই জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। সেই অবৈধ নির্মাণ ভাঙা হবেই, স্পষ্ট জানিয়েছে কলকাতা হাই কোর্ট।
রবিবার ছুটির দিনে উল্লেখযোগ্য রায় দিল কলকাতা হাই কোর্ট। অবৈধ জমিতে ফ্ল্যাট কিনে ক্রেতা আইনি সুরক্ষা দাবি করতে পারেন না, সেই অবৈধ নির্মাণ ভাঙা হবেই, এমনটাই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।
হাওড়া পুরসভার বেআইনি নির্মাণ মামলায় জানাল রবিবার ছুটির দিনের কলকাতা হাই কোর্টের বিশেষ বেঞ্চ। রবিবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণে জানায়, “অবৈধ নির্মাণে ফ্ল্যাট কিনলে ক্রেতা অতিরিক্ত আইনি সুরক্ষা পাবেন না। ফ্ল্যাট বিক্রেতার চেয়ে তাঁর আইনি অধিকার বেশি হতে পারে না।”
হাওড়া পুরসভার একটি চারতলা ভবন নির্মাণকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। ওই ভবনটি পুরসভা অনুমোদিত নকশা মেনে তৈরি কি না, সেই নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিরোধ দেখা দেয়। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে হাইকোর্টে মামলা দায়ের হয়। আদালত ওই বিষয়ে পুরসভাকে তদন্ত করতে নির্দেশ দেয়। তদন্তে উঠে আসে, পুরো বাড়িটি নির্মাণে পুরসভার নিয়ম মানা হয়নি। তবে তিনতলা পর্যন্ত নির্মাণ করার অনুমোদন ছিল। চারতলা অর্থাৎ, অতিরিক্ত একতলা বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে।
পুরসভা প্রথমে বাড়ির মালিককে অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশ না মানায় পুরসভা নিজেই ভাঙার কাজ শুরু করে। যদিও অভিযোগ, চারতলার পুরোটা না ভেঙেই সেই অভিযান শেষ করা হয়েছিল। এর মধ্যেই ২০২৫ সালের নভেম্বরে ফ্ল্যাটটি কিনে নেন মামলাকারী। বর্তমানে পুরসভা ওই চারতলা ভেঙে ফেলার কাজ শুরু করে, অমনি আদালতে যান মামলাকারী। তবে ডিভিশন বেঞ্চ জানিয়েছে ওই বাড়ি ভেঙে ফেলার কাজ করতে পারবে পুরসভা।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal




Post Comment