চোরবাগান কাণ্ডে SIT গঠন রাজ্যের, তিন মাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমার নির্দেশ, নেতৃত্বে কে?
Last Updated:
Chorbagan Sorbojonin Stampede: মুহূর্তের বিপর্যয়ে ১৯ প্রাণহানি! চোরবাগানের মণ্ডপ বিপর্যয়ে বড় পদক্ষেপ রাজ্যের। গঠিত হল ৬ সদস্যের তদন্তকারী দল। রিপোর্ট দিতে হবে ৩ মাসেই।
কলকাতা: কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করল রাজ্য সরকার। SIT-এর চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। ২১ অক্টোবর জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টের সঙ্গে পরামর্শ করে এই SIT গঠন করা হয়েছে।
অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীকে তদন্তকারী দলের চেয়ারপার্সন করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, তিন মাসের মধ্যে তদন্তের রিপোর্ট ও সুপারিশ জমা দিতে হবে রাজ্য সরকারের কাছে। রাজ্যের জারি করা নির্দেশিকা অনুযায়ী, ৬ সদস্যের তদন্তকারী দলে থাকছেন বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতরের প্রধান সচিব, রাজ্য পুলিশের STF-এর ডিজি-আইজিপি, রাজ্য পুলিশের ডিজির প্রতিনিধি, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের প্রতিনিধি এবং কলকাতায় কর্মরত জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা NDRF-এর একজন প্রতিনিধি।
চোরবাগানের ঘটনায় প্রশাসনিক গাফিলতি ছিল কিনা, খতিয়ে দেখবে SIT। দুর্ঘটনার সময় আয়োজক, পুলিশ, স্বেচ্ছাসেবক, বেসরকারি নিরাপত্তারক্ষী, দমকল ও অ্যাম্বুল্যান্স পরিষেবার ভূমিকা খতিয়ে দেখা হবে। পাশাপাশি, CCTV ফুটেজ, মোবাইল ভিডিও, পুলিশ ও কন্ট্রোল রুমের নথি, চিকিৎসা সংক্রান্ত তথ্য এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করে পরীক্ষা করা হবে।
মণ্ডপে পুজোর অনুমতি দেওয়ার ক্ষেত্রে নিয়ম মানা হয়েছিল কি না, পর্যাপ্ত ভিড় নিয়ন্ত্রণের পরিকল্পনা ছিল কি না এবং জরুরি পরিস্থিতিতে মানুষকে নিরাপদে বের করে আনার ব্যবস্থা করা হয়েছিল কি না, তা-ও তদন্ত করে দেখবে দল। পুলিশ, কলকাতা পুরসভা, পূর্ত দফতর, দমকল-সহ সংশ্লিষ্ট কোনও সংস্থা বা ব্যক্তির গাফিলতি, কর্তব্যে অবহেলা কিংবা সমন্বয়ের অভাব ছিল কি না, তা চিহ্নিত করে আইন অনুযায়ী পদক্ষেপের সুপারিশ করবে SIT।

Post Comment