Suvendu Adhikari: ‘ঠিক বলেছেন মোহন ভাগবত,’ সমর্থন শুভেন্দুর! চোরবাগানে মাইকে বলা আর দড়ি ফেলে দেওয়াই কি কাল হয়েছিল?

Last Updated:

Suvendu Adhikari on Mohan Bhagwat: মোহন ভাগবতের বক্তব্যকে সমর্থন শুভেন্দু অধিকারীর। চোরবাগানে মাইকে ঘোষণা ও দড়ি ফেলে দেওয়ার ঘটনা ঘিরে কী হয়েছিল? উঠছে প্রশ্ন।

কী বললেন শুভেন্দু অধিকারী
কী বললেন শুভেন্দু অধিকারী

কলকাতা: গত মঙ্গলবারই নাগপুরে বিজয়া দশমীর অনুষ্ঠানে মোহন ভাগবত বলেছিলেন, ‘প্রকৃতির কোনও দোষ নেই, মানুষের ভুলেই ঘটনা ঘটেছে’৷ চোরবাগানে পদপিষ্ট হওয়ার ঘটনা প্রসঙ্গে আরএসএস প্রধান যা বলেছিলেন, তাঁকে পূর্ণ সমর্থন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ বললেন, ‘‘ম্যান মেড হয়েছে এই ঘটনা৷ সব মিলিয়ে এটা মানুষের ভুল৷ মাইকে তো বলার দরকার ছিল না প্যান্ডেল ভেঙে পড়ে যাবে৷ আমরা রাতে গেছি৷ তখনও তো ঠিকই ছিল প্যান্ডেল৷ ভেঙে তো পড়ে যায়নি৷ যাঁরা দড়ি ধরে দাঁড়িয়েছিলেন, তাঁদেরও দড়ি ফেলে দেওয়ার দরকার ছিল না৷’’

কী বললেন শুভেন্দু অধিকারী?

এদিন আগরপাড়া এবং বরানগরে চোরবাগানের ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ বরানগর এন কে চ্যাটার্জি লেনের বাসিন্দা মৃত দিলীপ ঘোষ এবং দিপালী ঘোষের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ মৃত দিলীপ ঘোষ বরানগর আই এস আই এর কর্মী ছিলেন৷ সেদিনের ঘটনায় মা-বাবা দু’জনকেই হারিয়েছে তাঁদের ছেলে কিশোর পৃথ্বীশ ঘোষ৷

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমার কর্তব্যের মধ্যে পড়ে৷ আগের কেউ করেনি বলে আমি করব না এটা হতে পারে না৷ ছেলেটার তো বাবা-মা চলে গেছে৷ আমি বলে গেলাম, ও যদি আমার কাছে থাকতে চায়, গাইড করা যা করা, খানিকটা অভিভাবক যাকে বলে, গার্ডিয়ানের মতো করা, কাকা জ্যেঠারা রিয়াল অভিভাবক, আমরাও অভিভাবক হতে পারি৷ অফার দিয়েছি৷’’

আগরপাড়ার বাসিন্দা প্রসঙ্গে বলেন, ‘‘প্রতিভাবান ছেলে ছিল, আগরপাড়া, বাবা- মা আই উইটনেস৷ অনেক তথ্য পেয়েছি৷ আণাদের যে তদন্তকারী কমিটি হচ্ছে ওদের পাঠাব ৷ অনেককে রেসকিউ করেছে৷ ঘোষণা, দড়ি ফেলে দেওয়া অন্যতম কারণ৷ ভিতরে তো হয়নি প্যান্ডেল প্রেমিসেসে তো হয়নি, বেরনোর মুখটাতে হয়েছে৷ ওখানে পাশে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো৷ কালকেও ১০ হাজার লোক ছিল৷ ওখানে দড়ি দিয়ে আসা যাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছিল, আর্টিফিশিয়াল অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল৷ বাইফারকেশন করা হয়েছিল৷ সেই দড়িটা ফেলে দেওয়ায়, মিক্সিং হয়ে যায়৷’’

থিমের জৌলুসের ফলেই কি প্রাণ গেল?

এপ্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘‘ভাবতে হবে৷ ডিজের ব্যাপারে বলেছি৷ অনেক কিছু নিয়ে শিক্ষা নিয়ে সংশোধন করার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। দুর্গাপুজো অনেক বড় ব্যাপার৷ ছোটখাটো নয়। পশ্চিমবঙ্গে পুলিশ কটা রয়েছে। পাবলিকের সাপোর্ট দরকার। সিভিক নির্ভর, টেম্পোরারি হোম গার্ড নির্ভর করে দিয়ে গেছে৷ ৪৯ বছরের আবর্জনা তো ৬ মাসে পরিষ্কার করতে পারবেন না৷ গতকাল মোহন ভাগবত যে কথা বলেছেন, সেটা ঠিক বলেছেন৷ ম্যান মেড হয়েছে এই ঘটনা৷ মানুষ এটা করেছে, সে মানুষ যে কেউ হতে পারে, মানুষের ষড়যন্ত্রে হতে পারে, ভুলে হতে পারে৷ সব মিলিয়ে এটা মানুষের ভুল৷ মাইকে তো বলার দরকার ছিল না প্যান্ডেল ভেঙে পড়ে যাবে৷ যারা দড়ি ধরে দাঁড়িয়েছিলেন, তাদেরও ফেলে দেওয়ার দরকার ছিল না৷’’

যাঁরা যাঁরা এই ঘটনায় জড়িত, তদন্ত কমিটির মাধ্যমে যাঁদের নাম সামনে আসবে, তা তিনি পুলিশ কর্মী থেকে শুরু করে হোমগার্ড কিংবা পুজো উদ্যোক্তা যেই হোন না কেন, যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন শুভেন্দু৷

কী বলেছিলেন মোহন ভাগবত?

কলকাতার দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার জন্য প্রকৃতিকে নয়, মানুষের ভুলকেই দায়ী করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবত। মঙ্গলবার নাগপুরে আরএসএসের বিজয়াদশমী উদ্‌যাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। কলকাতার দুর্গাপুজোর সময় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “কলকাতায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। এর জন্য প্রকৃতিকে দায়ী করা যায় না। মানুষের ভুলই এর জন্য দায়ী।”

Previous post

পোশাকে রংমিলান্তি, বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে রাজ-শুভশ্রীর পুজো প্রেম নজর কাড়ছে সোশ্যাল মিডিয়ায়

Next post

Jio Platforms IPO Day 1: প্রথম দিনেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিনিয়োগ! ৫০%-র বেশি খুচরো কোটা পার করেছে ১.৬৯x গতিবেগে

Post Comment

You May Have Missed