Agriculture News: বিঘার পর বিঘা জমি…! কালবৈশাখীর তাণ্ডবে তছনছ সব ফসল, ব্যাপক ক্ষতির ধাক্কায় রায়গঞ্জের কৃষকদের মাথায় হাত
Last Updated:
North Dinajpur Agriculture News: কালবৈশাখীর তাণ্ডবে রায়গঞ্জের বিস্তীর্ণ এলাকার কৃষিজমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। ঋণ নিয়ে চাষের পর এমন বিপর্যয় হওয়ায় চাষিদের মাথায় হাত।
রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ দুর্যোগের জেরে নষ্ট খাটনির ফসল। কালবৈশাখীর তাণ্ডবে রায়গঞ্জের কৃষিকাজে ব্যাপক ক্ষয়ক্ষতি। বিস্তীর্ণ এলাকার জমির ফসল কার্যত তছনছ হয়ে গিয়েছে। ঋণ নিয়ে চাষের পর এভাবে ফসল নষ্ট হয়ে যাওয়ায় কৃষকদের মাথায় হাত।
শনিবার ভোরে উত্তর উত্তর দিনাজপুরের রায়গঞ্জের জগদীশপুর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় কালবৈশাখী শুরু হয়। প্রবল ঝড়ের পাশাপাশি চলে শিলাবৃষ্টি। এতেই এলাকার কৃষিকাজে ব্যাপক বিপর্যয় নেমে আসে। সেই সঙ্গেই ঘরবাড়ির ক্ষয়ক্ষতি, বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে।
এই বিষয়ে পিন্টু মহম্মদ নামে এক গ্রামবাসী জানান, “ঝড়বৃষ্টির জেরে বাড়িঘর ভেঙেছে। পাশাপাশি জমিতে চাষ করা ভুট্টাও নষ্ট হয়েছে। আমার সাড়ে তিন বিঘা জমির ভুট্টা একেবারে তছনছ হয়ে গিয়েছে। ওখানেই লাখখানেক টাকার ক্ষতি হয়েছে”।
কালবৈশাখীর তাণ্ডবে কৃষিক্ষেত্রে এমন ক্ষতির পর প্রশাসনের থেকে সাহায্যের দাবি তুলেছেন ক্ষতিগ্রস্তরা। ২ নং জগদীশপুরের উপপ্রধান জিয়াতুল হক জানান, “ব্যাপক ক্ষয়ক্ষতি, ফসল একেবারে তছনছ হয়ে গিয়েছে। যেখানে ঝড় হয়েছে, সেখানকার সব ফসল খারাপ হয়েছে। শিলাবৃষ্টির জেরেও ক্ষতিসাধন হয়েছে”।
প্রসঙ্গত, গতকাল ভোরে হওয়ার কালবৈশাখীর প্রভাব শুধু রায়গঞ্জেই পড়েনি। উত্তর দিনাজপুরের হেমতাবাদ, ইটাহার, করণদিঘি ব্লকের বিস্তীর্ণ এলাকাতেও এর প্রভাব চোখে পড়েছে।
Uttar Dinajpur,West Bengal
Apr 19, 2026 11:26 AM IST
Agriculture News: বিঘার পর বিঘা জমি…! কালবৈশাখীর তাণ্ডবে তছনছ সব ফসল, ব্যাপক ক্ষতির ধাক্কায় রায়গঞ্জের কৃষকদের মাথায় হাত




Post Comment