Indian Railways Summer Special Train: নিত্যযাত্রী, পর্যটকদের জন্য রেলের উপহার, পুজো পর্যন্ত একগুচ্ছ সামার স্পেশ্যালের মেয়াদ বৃদ্ধি, জানুন ট্রেনের সময়সূচি-সহ বিস্তারিত
Last Updated:
Indian Railways Summer Special Train: দূরপাল্লার ট্রেনে আসন সংরক্ষণ নিয়ে যাত্রীদের দুশ্চিন্তার শেষ থাকে না। রেল কর্তৃপক্ষের এই সময়োপযোগী সিদ্ধান্তের ফলে জুলাই মাসে যাত্রীদের যাতায়াতের অনেকটাই সুবিধা হবে।
খড়গপুর, রঞ্জন চন্দ: যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে এবং দূরপাল্লার যাতায়াতকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে একগুচ্ছ স্পেশ্যাল ট্রেনের চলাচলের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল। মূলত ভিনরাজ্যে যাতায়াতকারী সাধারণ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই আটটি বিশেষ ট্রেনের সময়সীমা জুলাই মাস থেকে ক্ষেত্র বিশেষে অক্টোবর মাস পর্যন্ত বাড়ান হয়েছে। নতুন ট্রেন ঘোষণার ফলে টিকিট না পাওয়ার যে চিরকালীন ভোগান্তি, তা থেকে যাত্রীরা অনেকটাই রেহাই পাবেন বলে মনে করা হচ্ছে।
রেলের প্রকাশিত নতুন নির্দেশিকা অনুযায়ী, এ রাজ্য থেকে ছাড়বে বা আসবে এমন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। দক্ষিণ ভারতগামী যাত্রীদের জন্য শালিমার ও চারলাপল্লির মধ্যে যাতায়াতকারী স্পেশ্যাল ট্রেনটির (০৮০৪৫/০৮০৪৬) মেয়াদ জুলাই মাসের বিভিন্ন দিন পর্যন্ত বাড়ান হয়েছে। প্রতি শুক্রবার শালিমার থেকে এবং শনিবার চারলাপল্লি থেকে এই ট্রেনটি নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে। অন্যদিকে, উত্তর-পূর্ব ভারতের যাত্রীদের সুবিধার জন্য সাঁতরাগাছি-নাহারলগুন স্পেশ্যাল ট্রেনের (০৮০৪৭/০৮০৪৮) মেয়াদও জুলাই মাসের শেষ দিক পর্যন্ত বর্ধিত করা হয়েছে। শুক্রবার সাঁতরাগাছি থেকে এবং শনিবার নাহারলগুন থেকে এই ট্রেনের পরিষেবা মিলবে।
রাজ্যের পুণ্যার্থী ও পর্যটকদের কাছে বরাবরই অন্যতম জনপ্রিয় গন্তব্য আজমের। যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে সাঁতরাগাছি-আজমের স্পেশ্যাল ট্রেনের (০৮৬১১/০৮৬১২) মেয়াদ উল্লেখযোগ্যভাবে বাড়ান হয়েছে। প্রতি সোমবার সাঁতরাগাছি থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এবং বৃহস্পতিবার আজমের থেকে ফেরা ট্রেনটি ১ অক্টোবর পর্যন্ত চলাচল করবে। পাশাপাশি, রাঁচি ও আনন্দ বিহার টার্মিনালের মধ্যে যাতায়াতকারী স্পেশ্যাল ট্রেনেরও (০২৮৭৭/০২৮৭৮) মেয়াদ জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত বাড়ান হয়েছে। রাঁচি থেকে প্রতি শনিবার এবং আনন্দ বিহার থেকে রবিবার এই ট্রেন যাতায়াত করবে।
Paschim Medinipur,West Bengal
Indian Railways Summer Special Train: নিত্যযাত্রী, পর্যটকদের জন্য রেলের উপহার, পুজো পর্যন্ত একগুচ্ছ সামার স্পেশ্যালের মেয়াদ বৃদ্ধি, জানুন ট্রেনের সময়সূচি-সহ বিস্তারিত




Post Comment