Leopard Attack: লোকালয়ে লেপার্ডের হানা! কিছু বুঝে ওঠার আগেই গ্রামবাসীদের উপর হামলা, আহত ৩
Last Updated:
Cooch Behar Leopard Attack: এই এলাকার আশেপাশে কোনও গভীর জঙ্গল না থাকলেও লেপার্ডটি কীভাবে লোকালয়ে চলে এল সেই প্রশ্ন দেখা দিয়েছে। আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।
পানিশালা, কোচবিহারঃ লোকালয়ে ঢুকে লেপার্ডের তাণ্ডব! আক্রমণের মুখে পড়ে গুরুতর আহত তিনজন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার এই ঘটনা ঘিরে কোচবিহার ১ ব্লকের অন্তর্গত পানিশালা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সেই সঙ্গেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে খবর, গতকাল আচমকাই এলাকায় একটি লেপার্ড ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগে সে গ্রামবাসীদের উপর হামলা চালায়। এর জেরে আহত হন তিনজন। তাঁদের নাম কার্তিক শীল, শ্যামল বর্মন ও কনক বর্মন। এরপর চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে গ্রামবাসীরা ছুটে এলে লেপার্ডটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বন দফতরে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বন দফতরের কর্মীরা। তাঁরা ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে লেপার্ডটিকে কাবু করে উদ্ধার করে নিয়ে যান। অন্যদিকে আহতদের মধ্যে কার্তিক ও শ্যামলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে কনকের চোট গুরুতর হওয়ায় তাঁকে এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
এই বিষয়ে ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায় বলেন, লেপার্ডটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করে নিয়ে এসে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পর নিয়ম মেনে ফের তাঁকে গভীর বনাঞ্চলে ছাড়া হবে। সেই সঙ্গেই আহতদের নিয়ম অনুসারে ক্ষতিপূরণ প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে পানিশালা এলাকার আশেপাশে কোনও গভীর জঙ্গল না থাকলেও লেপার্ডটি কীভাবে লোকালয়ে চলে এল সেই প্রশ্ন দেখা দিয়েছে। এই বিষয়ে বন দফতরের প্রাথমিক অনুমান, জলদাপাড়া অথবা পাতলাখাওয়া বনাঞ্চল থেকে পথ হারিয়ে সে হয়তো পানিশালা এলাকায় চলে এসেছিল। বন দফতরের আধিকারিকরা সম্পূর্ণ রুট খতিয়ে দেখছেন। তবে লেপার্ড হানার এই ঘটনায় স্থানীয়রা বেশ আতঙ্কে রয়েছে।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal




Post Comment