Kunal Ghosh on Firhad Hakim: দায় থাকলে অবিলম্বে গ্রেফতার করা হোক ফিরহাদকে, শুভেন্দুর কাছে দাবি কুণালের! তারাতলা কাণ্ডে সাঁড়াশি চাপে প্রাক্তন মেয়র
Last Updated:
ফিরহাদ হাকিম মেয়র থাকাকালীন গত ১৭ জানুয়ারি তারাতলার ওই গোডাউনের নকশায় অনুমোদন দেয় কলকাতা পুরসভা৷
তারাতলা কাণ্ডের পর এবার সাঁড়াশি চাপে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম৷ এ দিন বিধানসভায় তারাতলায় গোডাউন ভেঙে পড়ার ঘটনায় সরাসরি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ তারাতলায় যে গোডাউন ভেঙে পড়েছে, পুরসভার থেকে তাঁর নকশা অনুমোদনের নথিতে তৎকালীন মেয়র হিসেবে ফিরহাদ হাকিমের নাম আছে বলেও দাবি করছিলেন শুভেন্দু অদিকারী৷ সেই নথিও বিধানসভায় দেখান তিনি৷
এবার শুভেন্দু অধিকারীর সেই বক্তব্যকে হাতিয়ার করেই তারাতলা কাণ্ডে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবি জানালেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ৷ তাঁর দাবি, ফিরহাদ হাকিম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দিয়েছেন বলেই তিনি যাতে এই ঘটনায় ছাড় না পান, মুখ্যমন্ত্রীর উদ্দেশে সেই দাবিও জানিয়েছেন কুণাল৷
ফিরহাদ হাকিমকে নিশানা করে কুণাল ঘোষ বলেন, এই তদন্তে যাদের নাম মুখ্যমন্ত্রী বলেছেন, তাঁরা জড়িত বলে অভিযোগ থাকে বা কোনওভাবে দায় থাকলে তাঁদের অবিলম্বে গ্রেফতার করা উচিত৷ মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় দাঁড়িয়ে বিবৃতি দিচ্ছেন তাহলে তাঁর বক্তব্যকেই আমরা মান্যতা দেবো৷ শুধুমাত্র সামনে থাকা কয়েকজন গ্রেফতার হল আর বড় মাথা যাঁরা তাঁদের নাম শুধু রাজনৈতিক উদ্দেশ্যে বিধানসভায় ব্যবহার করা হল, সেটা যেন না হয়৷ প্রাক্তন মেয়রের যদি দায় থাকে, তাহলে তাঁকে গ্রেফতার করা হোক৷
শুভেন্দুর নিশানায় ফিরহাদ
এ দিন বিধানসভায় প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে উদ্দেশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কী ভেবেছেন, আপনাদের পুরসভায় কী হয় আমরা জানি না? কালিকে তুললে সব বেরিয়ে আসবে৷ কালি না বললে পুরসভায় কোনও বিল্ডিং প্ল্যান পাশ হয় না৷ তারাতলার এই অভিশপ্ত গোডাউন নিয়ে পুরসভার নকশা অনুমোদনের নথিতে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের সই রয়েছে বলেও বিধানসভায় নথি দেখান শুভেন্দু৷ মুখ্যমন্ত্রী বলেন, গার্ডেনরিচের মতো একাধিক ঘটনা ঘটেছে৷ কিন্তু আপনারা শিক্ষা নেননি, নিজেদের সংশোধন করেননি৷ আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কী করেছেন আপনারা? একটাকেও ছাড়ার কোনও সিন নেই৷ এই বিল্ডিং প্ল্যানটা ২০২৬ সালের ১৭ জানুয়ারি আপনারা অনুমোদন করেছিলেন৷ এ আপনাদের পাপের ফল৷ সব জায়গায় টাকা নিতে নিতে সিটি অফ জয়-কে এবং বৃহত্তর কলকাতাকে আপনারা মৃত্যুপুরীতে পরিণত করেছেন৷ আপনাদের প্রাক্তন মেয়রের সই রয়েছে এখানে৷ দেখুন কীভাবে ত্রুটিযুক্ত প্ল্যান আপনারা অনুমোদন করেছেন৷ এখানে আপনাদের প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সই রয়েছে৷ সব বের করেছি আমরা৷
দায় এড়াচ্ছেন ফিরহাদ
কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম অবশ্য দাবি করেছেন, তারাতলার ওই গোডাউনের নির্মাণকাজের প্ল্যান অনুমোদন এবং নির্মাণের ছাড়পত্র নিয়ম মেনেই হয়েছিল বলে তাঁর কাছে খবর৷ কিন্তু নজরদারির অভাবে এবং সম্ভবত নিম্ন মানের সামগ্রী ব্যবহারের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ফিরহাদ৷ কী ধরনের সামগ্রী ব্যবহার করে নির্মাণকাজ হচ্ছে তা মেয়র বা পুরসভার পক্ষে জানা সম্ভব নয় বলেই দাবি করেছেন ফিরহাদ৷
Kolkata,West Bengal




Post Comment