রি-নিট পরীক্ষার্থীদের সহায়তায় রেল, রবিবার খড়গপুর ডিভিশনে দৌড়াবে বাতিল লোকাল ট্রেন

রি-নিট পরীক্ষার্থীদের সহায়তায় রেল, রবিবার খড়গপুর ডিভিশনে দৌড়াবে বাতিল লোকাল ট্রেন

Last Updated:

Local Train: হাওড়া, পাঁশকুড়া, মেদিনীপুর, খড়গপুর, উলুবেড়িয়া, সাঁতরাগাছি, আমতা এবং ঝাড়গ্রাম… গুরুত্বপূর্ণ রুটগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত এই বিশেষ ট্রেনগুলো চলাচল করবে। সকাল ও বিকালের দিকে পাঁশকুড়া, মেচেদা বা খড়গপুর থেকে হাওড়ামুখী একাধিক ট্রেনের ব্যবস্থা থাকছে।

News18
News18

খড়গপুর, পশ্চিম মেদিনীপুর: দেশজুড়ে আয়োজিত হতে চলা ‘রি-নিট ইউজি ২০২৬’ (RE-NEET UG 2026) পরীক্ষার পরীক্ষার্থী এবং অভিভাবকদের যাতায়াত মসৃণ করতে এক প্রশংসনীয় পদক্ষেপ নিল দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। ২১ জুন রবিবার, সাধারণত যেসব শহরতলি লোকাল ট্রেন বাতিল থাকে, পরীক্ষার্থীদের সুবিধার্থে সেই সমস্ত ট্রেনও চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

রবিবার ছুটির দিনে স্বাভাবিকভাবেই গণপরিবহন কম থাকে, আর সেই কারণে যাতে কোনও পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছতে সমস্যায় না পড়েন, তা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ।

রেল সূত্রের খবর, রবিবার মোট ২৬টি বিশেষ ইএমইউ (EMU) এবং মেমু (MEMU) ট্রেন চালান হবে খড়গপুর ডিভিশনের বিভিন্ন রুটে। এর ফলে পরীক্ষার্থীরা অতিরিক্ত ট্রেন সংযোগের সুবিধা পাবেন এবং তাঁদের কেন্দ্রগুলোতে পৌঁছন অনেক সহজ হবে।

পরীক্ষার সময় নির্ধারিত হয়েছে দুপুর দুটো থেকে বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত। তবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাখা হয়েছে।পরীক্ষার্থীরা যাতে সময় থাকতে নির্বিঘ্নে পৌঁছাতে পারেন, সেই লক্ষ্যেই সকাল থেকেই বিভিন্ন রুটে ট্রেনের সময়সূচি সাজান হয়েছে।

হাওড়া, পাঁশকুড়া, মেদিনীপুর, খড়গপুর, উলুবেড়িয়া, সাঁতরাগাছি, আমতা এবং ঝাড়গ্রামের মত গুরুত্বপূর্ণ রুটগুলিতে সকাল থেকে রাত পর্যন্ত এই বিশেষ ট্রেনগুলি চলাচল করবে। সকালের দিকে যেমন পাঁশকুড়া, মেচেদা বা খড়গপুর থেকে হাওড়ামুখী একাধিক ট্রেনের ব্যবস্থা থাকছে, তেমনই পরীক্ষা শেষের পর পরীক্ষার্থীদের বাড়ি ফেরার জন্য বিকেল ও সন্ধ্যার দিকেও পর্যাপ্ত ডাউন ট্রেনের সূচি রাখা হয়েছে।

রেল কর্তৃপক্ষের তরফ থেকে পরীক্ষার্থীদের উদ্দেশে অগ্রিম শুভেচ্ছা জানানোর পাশাপাশি একটি বিশেষ বার্তা দেওয়া হয়েছে। জানানো হয়েছে, যাত্রার আগে প্রত্যেকে যেন অবশ্যই নির্দিষ্ট ট্রেনের সময়সূচি আর একবার মিলিয়ে নেন এবং হাতে পর্যাপ্ত সময় নিয়ে স্টেশনে পৌঁছন। সেই সঙ্গে নিজেদের অ্যাডমিট কার্ড ও প্রয়োজনীয় পরিচয়পত্র সঙ্গে রাখার কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে। ছুটির দিনে রেলের এই আগাম তৎপরতায় পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের উদ্বেগ অনেকটাই কমবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

রঞ্জন চন্দ

Post Comment

You May Have Missed