Ashokenagar ONGC Project: দীর্ঘ বছর পর ফের জ্বলল অশোকনগর ONGC কেন্দ্রের আলো, কী উন্নতি হতে চলেছে? নয়া সরকারের দিকে চেয়ে এলাকাবাসী

Ashokenagar ONGC Project: দীর্ঘ বছর পর ফের জ্বলল অশোকনগর ONGC কেন্দ্রের আলো, কী উন্নতি হতে চলেছে? নয়া সরকারের দিকে চেয়ে এলাকাবাসী

Last Updated:

Ashokenagar ONGC Project: দীর্ঘ বছর পর ফের জ্বলে উঠল অশোকনগর ওএনজিসি কেন্দ্রের আলো, নতুন সরকারের দিকে চেয়ে আশায় বুক বাঁধছে এলাকাবাসী।

দীর্ঘ বছর পর ফের জ্বলল অশোকনগর ONGC কেন্দ্রের আলো
দীর্ঘ বছর পর ফের জ্বলল অশোকনগর ONGC কেন্দ্রের আলো

অশোকনগর, রুদ্র নারায়ন রায়: ফের আলো জ্বলল অশোকনগরের ওএনজিসি প্রকল্পে। দীর্ঘ কয়েক বছরের অপেক্ষা, অনিশ্চয়তা পরিস্থিতি ম্লান করে তুলেছিল। কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার পরে ফের আশায় বুক বাঁধছে এলাকাবাসী। নিত্যদিন অশোকনগরের বাইগাছি ওএনজিসি প্রকল্প দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় মানুষ। খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার মেলায় আশায় বুক বেঁধেছিল জেলাবাসী, পরবর্তী পরিস্থিতিতে রাজ্য-কেন্দ্রের দ্বন্দ্বে ক্রমেই অন্ধকারে তলিয়ে যায় সব, পরিত্যক্ত স্থানে পরিণত হয় গোটা এলাকা। দীর্ঘ বছর পর রাজ্যে পালাবদলের আবহে, ফের ওএনজিসি কর্মীদের আনাগোনা শুরু হয়েছে, নিস্তব্ধতা কেটে বদলাতে শুরু করেছে পরিস্থিতি, শুরু হয়েছে ওএনজিসি-র এই কেন্দ্রের কাজ। ফলে নতুন করে আশার আলো দেখছেন অশোকনগর ও আশপাশের এলাকার বাসিন্দারা।

২০১৮ সালে অশোকনগরের এই কেন্দ্রে প্রথম খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি নিশ্চিত করে ওএনজিসি। তৎকালীন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর উপস্থিতিতে পরীক্ষামূলকভাবে উত্তোলিত তেল পরীক্ষার জন্য পাঠানো হয়। সেই সময় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়, কিন্তু পরবর্তীকালে প্রকল্পের কাজ কার্যত থমকে যায়। ধীরে ধীরে কমতে থাকে কর্মব্যস্ততা, একে একে নিভে যায় প্রকল্পের সব আলো। নিরাপত্তারক্ষীদের নজরদারিতে দীর্ঘদিন কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল প্রকল্প এলাকা।

আরও পড়ুনঃ জনকল্যাণ কর্মসূচিতে রেজিস্ট্রেশন করতে ‘একটি’ ডকুমেন্ট মাস্ট, তবেই পাবেন সহায়তা, নাম নথিভুক্তির পদ্ধতি জানুন

সূত্রের খবর, জমি সংক্রান্ত জটিলতা কাটিয়ে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনের কাজে গতি আনতে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আলোচনা এগিয়েছে। এদিন প্রকল্পের দায়িত্বে থাকা (নাম প্রকাশে অনিচ্ছুক) এক আধিকারিক বলেন, “পুনরায় কাজ শুরু হয়েছে এবং ধাপে ধাপে প্রয়োজনীয় যন্ত্রপাতি আনা হচ্ছে। যদিও বাণিজ্যিকভাবে তেল বা গ্যাস উত্তোলন কবে থেকে শুরু হবে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট সময়সীমা জানানো সম্ভব নয়। তবে প্রয়োজনীয় ছাড়পত্র মিললেই উৎপাদন শুরু করার জন্য প্রস্তুতি চলছে।”

আরও পড়ুনঃ জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্তির পরেই অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা? নাকি টাকা পেতে ভেরিফিকেশন ‘মাস্ট’? এল জরুরি আপডেট

অশোকনগরের মানুষের কাছে এই প্রকল্প শুধুমাত্র তেল বা গ্যাস উত্তোলনের বিষয় নয়, বরং অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের এক বড় সম্ভাবনা। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা আশা করে এসেছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকায় নতুন শিল্প, ব্যবসা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। মাঝপথে সেই স্বপ্ন ফিকে হয়ে গেলেও ফের শুরু হওয়া কর্মতৎপরতা নতুন করে আশাবাদী করে তুলেছে। স্থানীয়দের একাংশের মতে, প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হলে শুধু অশোকনগর নয়, সমগ্র উত্তর ২৪ পরগনা জেলার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। তাই বহুদিনের প্রতীক্ষার পর ওএনজিসি প্রকল্পে ফের কাজ শুরু হওয়াকে ঘিরে এখন আশা ও প্রত্যাশার আবহ।

স্থানীয় বাসিন্দা মশিয়র আলি বলেন, “তেল উঠবে, দেশের লাভ হবে সঙ্গে আমাদেরও কিছু কাজের সুযোগ মিলবে। এলাকার যুবক-যুবতীরাও কাজ পাবে সেই আশাতেই নিজেদের চাষের জমি স্বল্প ক্ষতিপূরণেও তুলে দিয়েছিলাম। কিন্তু তারপর দীর্ঘ বছর কেটে গেছে এখনও তেমন কিছু হল না। সরকার বদল হয়েছে, এখন যদি কিছু হয় সেই আশাই করছি।”

Post Comment

You May Have Missed