টলিউডের হাল ফেরাতে নতুন কমিটি গঠন করল সরকার, থাকছেন দেব, রুদ্রনীল, হিরণ, রূপা!
কলকাতা: টলিগঞ্জের ফেডারেশনের মাথা ছিলেন স্বরূপ বিশ্বাস (Swarup Biswas), সরকার বদলের পরে, আপাতত যিনি জেলে। তাঁর বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে, বারে বারেই শোনা গিয়েছিল, ঢেলে সাজানো হবে টলিউডকে। থাকবে না ‘ব্যান কালচার’। কাউকে ব্যান করা যাবে না। প্রত্যেকে মেধার ভিত্তিতে কাজ করতে পারবেন, অন্যান্য সমস্যারও সমাধান করা হবে। আর সেই লক্ষ্যে কাজ করার জন্যই, আরও ১ ধাপ পা বাড়ল বিজেপি সরকার। টালিগঞ্জ স্টুডিওপাড়ায় স্বরূপ সাম্রাজ্যের পতনের পরে, হাল ফেরাতে তৈরি হল নতুন কমিটি।
টলিউডে নতুন কমিটি, কে কে থাকছেন সেখানে?
সরকারের তরফ থেকে অ্যাডভাইজারি জারি করা হয়েছে গতকাল। ১৯ জনকে নিয়ে নতুন কমিটি গঠন করা হল, রাজ্যের তথ্য সংস্কৃতি দফতরের তরফ থেকে। ফেডারেশন ও গিল্ড সহ যাবতীয় কাজ সুষ্ঠুভাবে করতেই, তৈরি হল নতুন এই কমিটি, এমনটাই জানানো হয়েছে সরকারের তরফে। কমিটিতে রয়েছেন মুখ্যমন্ত্রীর দফতরের অতিরিক্ত সচিব শান্তনু বসু। নতুন কমিটিতে রয়েছেন তথ্য সংস্কৃতি দফতরের সচিব সৌমিত্র মোহন। এছাড়াও এই কমিটিতে থাকছেন, রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly), পাপিয়া অধিকারী (Papia Adhikari), হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। এছাড়াও থাকছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। উল্লেখ্য যে, তিনি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন। এছাড়াও থাকছেন, দেব (Dev)। যিনি আপাতত তৃণমূল ছেড়ে অন্য দলে যোগদান করেছেন। এছাড়াও ওই কমিটিতে থাকছেন, যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta)। পরিচালকদের মধ্যে থাকছেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় ও অন্যান্যরা। গতকাল রুদ্রনীল সহ একাধিক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় এই অ্যাডভাইজারি শেয়ার করে নিয়েছেন।
কোথায় স্বরূপ বিশ্বাসের মামলা?
অন্যদিকে, আজ স্বরূপ বিশ্বাসের মামলা আদালতে উঠলে, সেখান থেকে বেরিয়ে আসে বিস্ফোরক সব তথ্য। অভিযোগ উঠে এসেছে, স্বরূপকে টাকা দিয়ে স্টুডিওপাড়ায় কাজের সুযোগ পেতেন কলাকুশলীরা। কারা কাজ করবেন, কলাকুশলীদের তালিকা পাঠাতে হত স্বরূপকে, আদালতে এই অভিযোগই করেছে পুলিশ। পাশাপাশি জানা গিয়েছে, করোনাকালে ১ কোটি ৭৫ লক্ষ টাকা তুলেছিল, স্বরূপ বিশ্বাস পরিচালিত ফেডারেশন। এই টাকার কোনও হিসাব পাওয়া যায়নি বলে আদালতে অভিযোগ করা হয়েছে।
Bikram Chatterjee: নিরুপায় হয়ে অনেক কিছু মেনে নিতে বাধ্য হচ্ছিলাম, যাঁরা বিরোধিতা করতেন, কাজ চলে যেত: বিক্রম



Post Comment