গিল-ঈশানের শতরানের পর ফাস্ট বোলারদের দৌরাত্ম্যে আফগানদের বিপক্ষে সিরিজ় জয় ভারতের
লখনউ: সামনে লক্ষ্য ছিল ৪০৩ রান, এই বিপুল পরিমাণ রান তাড়া করতে অস্বাভাবিক ভাল ব্যাটিংয়ে প্রয়োজন, আর প্রয়োজন বড় ইনিংসের। তবে লখনউয়ে ভারতের বিরুদ্ধে আফগানিস্তানের (IND vs AFG) বহু ব্যাটার শুরুটা ভাল করলেও, রহমত শাহ বাদে কেউই বিরাট বড় রান করতে পারেননি। রানের গতিও আকাশছোঁয়া ছিল না। ফলত যা হওয়ার তাই হল। প্রথম ওয়ান ডের মতো দ্বিতীয় ওয়ান ডেতেও পরাজিত হল আফগানিস্তান, তাও আবার ১৭০ রানের বিরাট ব্য়বধানে। তিন ম্যাচের সিরিজ়ে দুই ম্যাচ জিতেই সিরিজ়ও পকেটে পুরে নিল টিম ইন্ডিয়া।
পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে গত ম্যাচে অনবদ্য সেঞ্চুরি হাঁকানো রহমানুল্লা গুরবাজ এদিনও আফগানিস্তানের হয়ে শুরুটা দারুণভাবে করেন। ইব্রাহিম জাদরানের সঙ্গে অর্ধশতরানের পার্টনারশিপও গড়েন তিনি। তবে অর্ধশতরানের দোরগোড়ায় ফিরতে হয় তাঁকে। ইব্রাহিম জাদরান, সেদিকুল্লা অটলরা সকলেই শুরুটা ভাল করেও নিয়মিত ব্যবধানে আউট হতে থাকেন। অপরদিকে ফিল্ডিংয়ের সময় চোট পাওয়া ডারউইশ রাসুলি ব্যাট করতে নামলেও ছয় রানের বেশি করতে পারেননি, রিটায়ার্ড হার্ট হন তিনি।
আরও পড়ুন:- লখনউয়ে আফগান ম্যাচেই সচিন, কোহলি, সৌরভদের এলিট তালিকায় নাম লেখালেন রোহিত শর্মা
ক্রমশই পরাজয়ের পথে অগ্রসর হচ্ছিল আফগানিস্তান। নিরন্তর ব্যবধানে যেখানে একের পর এক উইকেট পড়ছিল, সেখানে দলের হয়ে একদিক ধরে রেখেছিলেন রহমত শাহ। আফগানদের হয়ে আন্তর্জাতিক ওয়ান ডেতে সর্বাধিক রান করা রহমত এদিনও নিজের দক্ষতা প্রদর্শন করে ৩৩তম অর্ধশতরান করেন। তবে তাঁকে ৭৯ রানে ফিরিয়ে আফগানদের সব আশা শেষ করে দেন এই ম্যাচেই অভিষেক ঘটানো প্রিন্স যাদব। একবার নো বল করায় প্রথম আন্তর্জাতিক উইকেট হাতছাড়া হলেও, তিনি ম্যাচে মোট দুই উইকেট নিলেন। অপরদিকে, গুরনুর ব্রার, অর্শদীপ সিংহরা তিনটি করে উইকেট নেন। রাসুলি আর ব্যাট করতে না নামায় নয় উইকেট হারাতেই অল আউট হয়ে যায় আফগানিস্তান। ২৩২ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। বিরাট জয় পায় ভারত।
এর আগে ম্যাচের প্রথম ইনিংসে ভারতের শুরুটা খুব একটা ভাল হয়নি। এই ম্য়াচে সুযোগ পাওয়া যশস্বী জয়সওয়াল তেমন রান পাননি। তিনি মাত্র চার রানে আউট হন। তবে তারপরেই প্রথমে রোহিত শর্মার সঙ্গে এবং তারপর ঈশান কিষাণের (Ishan Kishan) সঙ্গে অনবদ্য পার্টনারশিপ গড়েন শুভমন গিল (Shubman Gill)। এই দুই পার্টনারশিপ এবং ঈশান ও গিলের অনবদ্য শতরানে ভর করেই লখনউয়ে রানের পাহাড়ে ভারত। প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া এক বল বাকি থাকতেই ৪০২ রানে অল আউট হয়ে যায় ভারত। গিল ১৫৪ ও ঈশান কিষাণ ১২৫ রানের ইনিংস খেলে জয়ের ভিত গড়েন। সেই ভিতেই জয়ের ইমারত গড়লেন অর্শদীপসহ ফাস্ট বোলাররা।
Chess Grandmaster | পশ্চিমবঙ্গের দাবার মুকুটে যোগ হল নতুন পালক, দেশের ৯৫তম গ্র্যান্ডমাস্টার হলেন কলকাতার আরণ্যক ঘোষ



Post Comment