West Bardhaman News: মাঠে বিকট শব্দে আছড়ে পড়ল বজ্রাঘাত, কিছু বোঝার আগেই লুটিয়ে পড়ল তিন খুদে! খেলতে গিয়ে চরম বিপত্তি
Last Updated:
West Bardhaman News: মাঠে খেলতে গিয়েছিল ছোট ছোট শিশুরা। তারমধ্যেই হঠাৎ করে নেমে এল বিপদ। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত। মুহূর্তের মধ্যে মাঠেই লুটিয়ে পড়েছিল তিন শিশু। যদিও বিপদ বুঝে সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তিন শিশুর মধ্যে দুজন ইতি মধ্যেই বিপদমুক্ত। অন্য একজনকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বেসরকারি হাসপাতালে।
অন্ডাল, পশ্চিম বর্ধমান: খেলার জন্য মাঠের কোণে জড়ো হয়েছিল একদল খুদে। কিন্তু বিকেলের সেই আনন্দ যে মুহূর্তে এমন বিভীষিকায় বদলে যাবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। অন্ডালের সিঁদুলি এলাকার বেদপাড়ায় আচমকা বিকট শব্দে আছড়ে পড়ে বাজ। আর সেই বজ্রপাতের কবলে পড়ে গুরুতর জখম হয়েছে তিন শিশু। যদিও সৌভাগ্যক্রমে প্রাণহানির ঘটনা সামনে আসেনি। কিন্তু এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিশেষ করে আসানসোলে বজ্রাঘাতের জেরে মৃত্যুর পর এই আতঙ্ক আরও তীব্র হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় বেদপাড়া এলাকার একটি খোলা মাঠে গাছের পাশে খেলছিল ওই শিশুরা। ঠিক সেই সময়ই আকাশ কালো করে হঠাৎ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই আচমকা বিকট শব্দের সঙ্গে একটি বাজ এসে পড়ে ঠিক তাদের খেলার জায়গায়। বজ্রাঘাতের তীব্রতায় মাঠেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে তিন জন। বিস্ফোরণের মতো শব্দ শুনেই চারপাশ থেকে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা। তাঁরা সংজ্ঞাহীন অবস্থায় শিশুদের উদ্ধার করে এক মুহূর্ত দেরি না করে উখড়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
এই ঘটনার পর ভূ-প্রাকৃতিক বিশেষজ্ঞরা বলছেন, এই বিপদের সময় যাতে শিশুরা যাতে সতর্ক থাকে, সেই বিষয়ে নজর দিতে হবে অভিভাবকদের। তাদের খেলার মাঠে যাওয়া বন্ধ করার থেকে বজ্রপাতের সময় কী কী সতর্কতা অবলম্বন করা জরুরি, সেই বিষয়গুলি শেখাতে হবে। বজ্রপাত শুরু হলে কোথাও আশ্রয় নেওয়ার কথা তাদের বলতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, এমন প্রাকৃতিক দুর্যোগ শুরু হলে শিশুরা প্রথমেই বাড়ি ফিরে আসতে চায়। কিন্তু যদি পরিস্থিতিতে তেমন না থাকে, তাহলে যে জায়গায় আছে, সেখানেই তাদের আশ্রয় নেওয়ার কথা জানাতে হবে। কোনও গাছের তলায়, বিদ্যুতের খুঁটি বা খোলা মাঠের নিচে যাতে কোনওভাবেই তারা দুর্যোগের সময় না থাকে, সেই বিষয়টি নিয়ে শিশুদের সতর্ক করে দিতে হবে। তবেই এমন বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
Durgapur,Barddhaman,West Bengal
West Bardhaman News: মাঠে বিকট শব্দে আছড়ে পড়ল বজ্রাঘাত, কিছু বোঝার আগেই লুটিয়ে পড়ল তিন খুদে! খেলতে গিয়ে চরম বিপত্তি




Post Comment