মাছ আঁকা ধুতি, সাবেক পকেট ঘড়ি, প্রথমবার কানের লাল গালিচায় ‘লাফটারসেন’-এর সঙ্গী বাঙালিয়ানা!
- বাঙালি কনটেন্ট ক্রিয়েটর নিরঞ্জন মণ্ডল ওরফে লাফটারসেন কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার পা রাখেন।
- তাঁর সাজে ছিল বাঙালিয়ানা, ঐতিহ্যবাহী ধুতি-কুর্তা এবং মাছের নকশার পাড়।
- নিরঞ্জন জানান, এই মঞ্চে নিজের প্রিয় ‘মিতা আন্টি’ চরিত্রকে সঙ্গে নিয়ে এসেছেন।
- সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতি বাঙালি অনুরাগী ও সহকর্মীদের কাছ থেকে শুভেচ্ছা পায়।
কলকাতা: কান ফিল্ম ফেস্টিভ্যালের (cannes film festival 2026) মঞ্চে বাঙালিয়ানাকে সঙ্গী করে, প্রথমবার পা রাখলেন তিনি। বাংলায় তাঁর কনটেন্টের জনপ্রিয়তা যথেষ্ট, সেই জনপ্রিয়তা সঙ্গী করে তিনি পা রেখেছেন অভিনয়ের দুনিয়াতেও। ইতিমধ্যেই একটি বাংলা ওয়েব সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে ফেলেছেন তিনি। তবে এবার কানের লাল গালিচায় তাঁকে দেখে অবাক, উচ্ছ্বসিত বাঙালি। এই প্রথমবার কানের লাল গালিচায় পা রাখলেন ‘লাফটারসেন’ (Laughtersane) ওরফে নিরঞ্জন মণ্ডল। বাঙালি কনটেন্ট ক্রিয়েটার হিসেবে লাফটারসেনই প্রথম যিনি কানের লাল গালিচায় পা রাখলেন।
কানের লাল গালিচায় নিরঞ্জনের পোশাকে ছিল কী কী বিশেষত্ব?
বাঙালি কনটেন্ট ক্রিয়েটার হিসেবে প্রথম কানের মঞ্চে যাচ্ছেন তিনি, সেই কারণেই পোশাকে, চালচলনে সবেতেই বাঙালিয়ানা ধরে রাখলেন নিরঞ্জন। সাদা পাড়ের, সুতোর কাজ করা সাদা ধুতি পরেছিলেন নিরঞ্জন। সঙ্গে সাদা কুর্তা, তার ওপরে কালো গলাবন্ধ। গলাবন্ধের প্রত্যেকটি বোতাম আটকানো, তবে তাঁর সাজে আলাদা মাত্রা যোগ করেছিল তাঁর ঘড়ি। সাজের সঙ্গে বিশেষ অ্যাক্টেসারিজ় হিসেবে একটি পকেট ওয়াচ নিয়েছিলেন নিরঞ্জন। এই ধরণের ঘড়ি একটা সময়ে জমিদারেরা ব্যবহার করতেন সময় দেখার জন্য। সোনালি চেন দেওয়া সেই পকেট ঘড়িকেই হাতে রেখেছিলেন নিরঞ্জন। ধুতির পাড়ে ছিল সুতোর কাজ। আর সেই সুতোর কাজেই ফুটিয়ে তোলা হয়েছিল, মাছ। বাঙালি মানেই তো মৎসপ্রেমী। সেই কারণে বাঙালিয়ানাকে সঙ্গে রাখতেই ধুতির পাড়ে বিশেষ নকশা করিয়েছেন নিরঞ্জন।
প্রথমবার কান-এ পা, কী বলছেন ‘লাফটারসেন’?
কানের লাল গালিচায় পা রেখে কেমন লাগছে নিরঞ্জনের? সঞ্চালিকার প্রশ্নের উত্তরে ‘লাফটারসেন’ বলেন, ‘একটু নার্ভাস, নিজের জন্য গর্বিত আর ভীষণ এক্সাইটেড।’ বিভিন্ন চরিত্রকে নিজের কনটেন্টের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলেন নিরঞ্জন। তার মধ্যেই একটি জনপ্রিয় চরিত্র হল, ‘মিতা আন্টি’। সঞ্চালিকার প্রশ্নে নিরঞ্জন জানান, তিনি সেই চরিত্রকে কানের লাল গালিচায় সঙ্গে নিয়ে হাঁটতে চান। সোশ্যাল মিডিয়ায় লাল গালিচায় নিজের পোশাকের একগুচ্ছ ছবি নিজের সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার করে নিয়েছেন নিরঞ্জন। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগী থেকে শুরু করে, বাংলার অন্যান্য কনটেন্ট ক্রিয়েটাররাও ‘লাফটারসেন’-কে শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন: Sourav Ganguly: সৌরভের বায়োপিকের অভিনেতা বাছাইয়ে ফের বড় চমক! দাদা স্নেহাশিসের ভূমিকায় থাকছেন…



Post Comment