Talberia Dam: কলকাতার খুব কাছেই বিদেশের সৌন্দর্য! স্বর্গীয় দৃশ্যে জুড়াবে মন-প্রাণ, অপরূপ তালবেড়িয়ার ‘পথের কাঁটা’ বেহাল রাস্তা
Last Updated:
Talberia Dam: কলকাতার কাছেই বিদেশের সৌন্দর্য। ঠিক যেন নিউজিল্যান্ড। বাঁকুড়ার তালবেড়িয়া ড্যামের পাগল করা সৌন্দর্যের মাঝে বড় সমস্যা হল রাস্তা। নেই আলো। বেহাল রাস্তা সারাই করার দাবি জানাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা।
বাঁকুড়া, নীলাঞ্জন ব্যানার্জী: বর্ষা নামার আগে যদি দু’দিনের জন্য শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কাছে হারিয়ে যেতে চান, তাহলে আপনার গন্তব্যের তালিকায় থাকতেই পারে বাঁকুড়ার তালবেড়িয়া জলাধার। জঙ্গলবেষ্টিত এই বিশাল ড্যামকে অনেকেই দক্ষিণ বাঁকুড়ার অন্যতম সুন্দর পর্যটনস্থল বলছেন। চারপাশে ঘন সবুজ, মাঝখানে নীল জলরাশি আর পাখির ডাক। সব মিলিয়ে এমন পরিবেশ, যেখানে পৌঁছলে মুহূর্তের জন্য ভুলে যাবেন আপনি পশ্চিমবঙ্গেই আছেন।
পিকনিকের মরশুম হোক বা একদিনের নিরিবিলি ভ্রমণ, ভিড় এড়িয়ে প্রকৃতির বুকে শান্তি খুঁজতে তালবেড়িয়া হতে পারে আদর্শ গন্তব্য। তবে এই জলাধার আসতে গেলে রাতে পার করতে হবে ঘুটঘুটে অন্ধকার। রাস্তাও ভাল নয়, বলছেন জঙ্গলমহলের স্থানীয় বাসিন্দারা।
দক্ষিণ বাঁকুড়ার শেষ প্রান্তে, ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া ঝিলিমিলি অঞ্চলের রাইতারা গ্রামের পাশেই অবস্থিত এই জলাধার। বাঁকুড়া শহর থেকে দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার, আবার মুকুটমণিপুর থেকেও দিনের দিন ঘুরে আসা যায়। ঝিলিমিলির বিশাল শাল, শিমুল আর মহুয়া গাছে ঘেরা রাস্তা পেরিয়ে তালবেড়িয়া ড্যামের কাছে পৌঁছতেই বদলে যায় দৃশ্যপট। ড্যামের উপরে দাঁড়ালে যতদূর চোখ যায় শুধু সবুজ পাহাড়ি জঙ্গল আর জলরাশির মেলবন্ধন। পরিষ্কার আকাশের নীচে জলের উপর সূর্যের আলো পড়লে অনেকেরই মনে হতে পারে, যেন কোনও বিদেশি লোকেশনে এসে পড়েছেন।
অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীদেরও বক্তব্য, রাস্তার উন্নতি হলে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। ফলে এলাকার ছোট দোকান, খাবারের স্টল, হোমস্টে এবং স্থানীয় ব্যবসা অনেকটাই চাঙ্গা হবে। আসন্ন বর্ষার আগে তালবেড়িয়া জলাধারের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। তাই এলাকাবাসীর একটাই আবেদন, জলাধার সংলগ্ন রাস্তা দ্রুত মেরামত করে এই সুন্দর পর্যটনকেন্দ্রকে আরও সহজ ও নিরাপদ করে তোলা হোক।
Bankura,Bankura,West Bengal
Talberia Dam: কলকাতার খুব কাছেই বিদেশের সৌন্দর্য! স্বর্গীয় দৃশ্যে জুড়াবে মন-প্রাণ, অপরূপ তালবেড়িয়ার ‘পথের কাঁটা’ বেহাল রাস্তা



Post Comment