মধ্যমগ্রামের ভয়ঙ্কর ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার, বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব
কলকাতা: শনিবার ব্রিগেড ময়দানে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের (BJP Government) মন্ত্রীরা শপথ নেবেন । তার আগে মধ্যমগ্রামে খুন করা হল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে । পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গঠনের আগে, এই ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব ।
অঙ্গ, কলিঙ্গের পর ‘বঙ্গ’ও জয় করেছে বিজেপি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বলেছিলেন, ‘বাংলায় পরিবর্তন হয়ে গেছে ।’ শনিবার ব্রিগেড ময়দানে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মন্ত্রীরা শপথ নেবেন । তৈরি হতে চলেছে আরও একটা ইতিহাস । থাকবেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ।
এরই মধ্যে মধ্যমগ্রামে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, তা নিয়ে রীতি মতো উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার, বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব । ভবানীপুর ও নন্দীগ্রামে জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘রাষ্ট্রীয় অধ্যক্ষ নীতিন নবীনজি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি থেকে মাননীয় রাষ্ট্রীয় সংগঠন সাধারণ সম্পাদক বি এল সন্তোষজি থেকে, তাঁরা প্রত্যেকেই গতকাল থেকে বারে বারে আমার বা রথের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ।’
ঘটনা জানা মাত্র, বুধবার রাতেই একে একে হাসপাতালে পৌঁছে যান শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ, রুদ্রনীল ঘোষ, স্বপন দাশগুপ্ত সহ বিজেপির নেতা-নেত্রীরা । বৃহস্পতিবার সকালে হাসপাতালে যান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ।
রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন, ‘অপরাধীদের খুঁজে বের করতে যে যে স্তরে যা যা করা দরকার, তাই করা হচ্ছে । এখানে যে তৃণমূলের যোগ রয়েছে, সেটা পরিষ্কার । এটা খুঁজে পাওয়া যাবে ।’
ভোট মিটে গেলে এখনও রাজ্যে রয়েছে কেন্দ্রীয় বাহিনী । এদিন ঘটনাস্থলে আসেন BSF-এর DG প্রবীণকুমার । সূত্রের দাবি, ঘটনার রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক । SIT গঠন করে তদন্ত চালাচ্ছে পুলিশ ।
গাড়ি দিয়ে গাড়ি আটকে গুলি করে খুন । বিজেপি সরকারের শপথের ২ দিন আগে পরিকল্পনা করেই শুভেন্দুর PA-কে হত্যা । ২টি বাইক ও একটি গাড়িতে চেপে এসেছিল আততায়ীরা । নিশ্চিত পুলিশ ।



Post Comment