West Medinipur News: চতুর্থবার মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়—নেত্রীর জয়ের আকাঙ্ক্ষায় রাতভর মহাযজ্ঞ দাঁতনে
Last Updated:
আয়োজকদের মূল লক্ষ্য ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুনরায় ক্ষমতায় প্রত্যাবর্তন এবং কেশিয়াড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডির জয় সুনিশ্চিত করা।
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: এবার পরিবর্তন না প্রত্যাবর্তন? এই আবহে রাজ্যে কার্যত হিংসা ছাড়া ভোট হয়েছে। নেই প্রাণহানির ঘটনা। বেশকিছু রাজনৈতিক কারবারি মনে করছেন রাজ্যে এবার পালাবদল হতে চলেছে, কারও মতে রাজ্যের রশি থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়েরই হাতে। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে দেখা এবং তৃণমূল প্রার্থীর বিপুল জয়ের কামনায় বিশেষ পুজার্চনা ও হোম যজ্ঞের আয়োজন করা হল দাঁতনের মালিয়াড়া সুন্দরপুর এলাকায়।
কেশিয়াড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দাঁতন ১ ব্লকের এই গ্রামের বটেশ্বর জিউ মহাদেব মন্দির প্রাঙ্গণে রাতভর চলল এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠান। সামনে রাখা তৃণমূলের ব্যানার। যেখানে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি তৃণমূলের অসংখ্য কর্মী-সমর্থক এই মহাযজ্ঞে শামিল হয়েছিলেন। মন্ত্র উচ্চারণের পাশাপাশি নিয়ম রীতি মেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী হিসেবে দেখার জন্য এই হোম যজ্ঞের আয়োজন করা হয়।
জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকেই মন্দির চত্বরে ভক্তদের ভিড় জমতে শুরু করে। বৈদিক রীতি মেনে এবং পুরোহিতদের শাস্ত্রীয় মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় হোম যজ্ঞ। আয়োজকদের মূল লক্ষ্য ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুনরায় ক্ষমতায় প্রত্যাবর্তন এবং কেশিয়াড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডির জয় সুনিশ্চিত করা। এলাকার শান্তি ও উন্নয়নের ধারা বজায় রাখতেই এই দৈব আশীর্বাদ প্রার্থনা করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
সারারাত মন্দির চত্বর ছিল উৎসবমুখর। শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। যজ্ঞ শেষে উপস্থিত ভক্ত ও সাধারণ মানুষের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থাও করা হয়। রাজনৈতিক লক্ষ্য থাকলেও এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় এক অন্যরকম উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। সব মিলিয়ে ভোট আবহে এই মহাযজ্ঞকে ঘিরে এলাকায় যথেষ্ট চর্চা শুরু হয়েছে।



Post Comment