Birbhum News: সমাজ বাঁচানোর কারিগরের করুণ পরিণতি! শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চরম সিদ্ধান্ত দুবরাজপুরের সাইকেলে ভারতভ্রমণকারী বনমালী গড়াইয়ের
Last Updated:
Birbhum News: যিনি একসময় সমাজ সচেতনতার বার্তা নিয়ে সাইকেলে চড়ে গোটা ভারত জয় করেছিলেন, সেই বনমালী গড়াই আজ নিজেই হার মানলেন জীবনের কাছে। শারীরিক কষ্ট ও পরিবারের আর্থিক বোঝার কথা ভেবে নিজের শরীরে আগুন ধরিয়ে দিলেন দুবরাজপুরের এই ভূমিপুত্র।
দুবরাজপুর, বীরভূম: সমাজ বাঁচানোর কারিগর হয়েও নিজের শরীরের অসহ্য কষ্ট আর সহ্য করতে পারলেন না তিনি। একসময় যিনি সাইকেলে চড়ে দেশজুড়ে বৃক্ষরোপণ আর কন্যা ভ্রূণ হত্যার বিরুদ্ধে সচেতনতার বার্তা ছড়িয়েছিলেন, সেই দুবরাজপুরের পাঁচ নম্বর ওয়ার্ডের লালবাজারের বাসিন্দা বনমালী গড়াই আজ নিজেই নিজেকে শেষ করে দিলেন, বেছে নিলেন আত্মহত্যার পথ। শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে মঙ্গলবার ভোরে গায়ে আগুন ধরিয়ে চরম পথ বেছে নেন তিনি।
মৃত্যুর আগে বনমালী বাবু বাড়ির মেঝেতে পেন্সিল দিয়ে লিখে যান, ‘ডাঙাল দিকে চললাম’। এছাড়া উদ্ধার হয়েছে তাঁর নিজের হাতে লেখা দুটি দীর্ঘ চিঠি বা সুইসাইড নোট। সেখানে ফুটে উঠেছে এক করুণ ছবি। বনমালী বাবু লিখেছেন, তাঁর শরীরে হাঁপানি, শ্বাসকষ্ট ও চর্মরোগ-সহ একাধিক রোগ বাসা বেঁধেছিল। দীর্ঘ চিকিৎসাতেও ফল না মেলায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। চিঠিতে তিনি আক্ষেপ করে লিখেছেন, বর্তমানে তিনি যে কষ্ট পাচ্ছেন তা তাঁর কর্মফল। পরিবারের উপর যাতে আর চিকিৎসার বিপুল খরচ না হয়, সেই কারণেই তিনি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। চিঠির শেষে স্পষ্ট করে লিখে গিয়েছেন, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।”
আজ বনমালী বাবুর মৃত্যুতে তাঁর সেই উজ্জ্বল অতীতের কথা স্মরণ করে কাঁদছে এলাকা। ২০০২ সালের ২৫ ডিসেম্বর, পরিবেশ রক্ষা ও কন্যা ভ্রূণ হত্যা রোধের শপথ নিয়ে দুবরাজপুর থেকে সাইকেল নিয়ে ভারত ভ্রমণে বেরিয়েছিলেন তিনি। দীর্ঘ এক বছর দেশের বিভিন্ন প্রান্তের স্কুল-কলেজে সেমিনার করে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়েছিলেন তিনি। ২০০৩ সালের ২৫ ডিসেম্বর সেই সফল সফর শেষ করে ঘরে ফিরেছিলেন দুবরাজপুরের এই ভূমিপুত্র।
বনমালী বাবুর স্ত্রী সবিতা গড়াই জানান, মঙ্গলবার ভোর তিনটে নাগাদ সিনেমা হল থেকে সাতকেন্দুরি যাওয়ার রাস্তায় নিজের শরীরে আগুন ধরিয়ে দেন তিনি। ঘটনার খবর পেয়েই দুবরাজপুর থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। যে মানুষটি একসময় দেশজুড়ে প্রাণের বার্তা ছড়িয়েছিলেন, আজ তাঁর এমন করুণ পরিণতিতে গোটা দুবরাজপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
Birbhum,West Bengal
Apr 28, 2026 10:45 PM IST
Birbhum News: সমাজ বাঁচানোর কারিগরের করুণ পরিণতি! শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চরম সিদ্ধান্ত দুবরাজপুরের সাইকেলে ভারতভ্রমণকারী বনমালী গড়াইয়ের




Post Comment